ঢাকা
১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৩৬
logo
প্রকাশিত : এপ্রিল ১, ২০২৬

সাতকানিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫, তিনজনের অবস্থা গুরুতর

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় আধিপত্য বিস্তার ও মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে উভয় পক্ষের ৩ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১০টা ও ১১টার দিকে উপজেলার পুরানগড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফকিরখীল গ্রামের কুমার পাড়া এবং ৬ নম্বর ওয়ার্ডের ধলির গোপাট এলাকায় পৃথকভাবে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন— বিএনপি নেতা জসিম উদ্দিন (৫২), যুবদল নেতা মোহাম্মদ টিপু (৩৫), মোহাম্মদ সাকিব (২৮), মোহাম্মদ আলম (৪০) ও রবিউল ইসলাম (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, পুরানগড় ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জসিম উদ্দিন ও সাকিবের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি এক নারী সংক্রান্ত ঘটনার জেরে সাকিবপক্ষের কয়েকজন এক যুবকের মোবাইল ছিনিয়ে নেয়। বিষয়টি জানাজানি হলে জসিম ভুক্তভোগীকে থানায় যাওয়ার পরামর্শ দেন। এ নিয়ে উত্তেজনা আরও বাড়ে।

মঙ্গলবার রাতে সমঝোতার মাধ্যমে মোবাইল উদ্ধারের উদ্দেশ্যে জসিমের অনুসারীরা কুমার পাড়ায় গেলে সাকিবের লোকজন হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরে জসিম ও টিপুসহ আরও কয়েকজন ঘটনাস্থলে গেলে আবারও সংঘর্ষ হয় এবং কয়েকজন আহত হন। পরে আহতদের হাসপাতালে নেওয়ার পথে ধলির গোপাট এলাকায় পৌঁছালে স্বেচ্ছাসেবক দল নেতা মো. তারেকের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল অটোরিকশার গতিরোধ করে দ্বিতীয় দফায় হামলা চালায়। এতে জসিম ও টিপুসহ আরও কয়েকজন গুরুতর আহত হন এবং দুটি অটোরিকশা ভাঙচুর করা হয়।

আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় উভয় পক্ষই একে অপরকে দোষারোপ করেছে। আহত জসিম উদ্দিন এক ভিডিও বার্তায় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কামরুল হাসান তালুকদারের ইন্ধনের অভিযোগ তুলেছেন। তবে এ অভিযোগ অস্বীকার করে তিনি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। অপরদিকে অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা মো. তারেকও এ ঘটনায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram