

মনীষ সরকার রানা, (সুন্দরগঞ্জ) গাইবান্ধা প্রতিনিধি : আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতিমধ্যে প্রতীক বরাদ্দ শেষে গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি সহ বিভিন্ন দলের নেতারা শহর , বন্দর, গ্রাম ও প্রতিটি ওয়ার্ড চষে বেড়াচ্ছেন।
তবে প্রার্থীদের মধ্যে একমাত্র ব্যতিক্রম ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার। তিনি এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢেঁকি প্রতীক নিয়ে এ নির্বাচনে অংশ নিচ্ছেন। সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক এ চেয়ারম্যান আসনটিতে ফ্যাক্টর হয়ে দাঁড়াবেন বলে মনে করছেন অনেকে।কেননা গত উপজেলা নির্বাচনে তিনি লাঙল প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থীসহ অনেক হেভিওয়েট নেতাকে হারিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে ছিলেন। আলোচিত এ প্রার্থীর শক্ত অবস্থানে রয়েছে এ উপজেলায়।
জেলার গুরুত্বপূর্ণ ও আলোচিত আসন গাইবান্ধা-১। এ আসনটিতে তিনি জাতীয় পার্টির হয়ে মনোনয়ন চেয়েছিলেন। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন মহসিন সরদার। স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দল তাঁকে বহিষ্কার করেছে।
সব কিছু পিছনে ফেলে তার জনপ্রিয়তা নিয়ে তিনি প্রতিনিয়ত ছুটে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। সুন্দরগঞ্জকে একটি মডেল উপজেলায় পরিনত ও এলাকার সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার করছেন তিনি। সাধারণ মানুষের মাঝে তার যে জনপ্রিয়তা রয়েছে ,এর ফলে ভোটের মাঠের সমীকরণ বদলে যেতে পারে।
৩'শ ৬৯ বর্গ কিলোমিটার আয়তনের গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনটি ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত।ভোটার সংখ্যা ৪ লাখ ১৯ হাজার ১'শ ১১জন।
ভৌগলিক ভাবে উপজেলাটি পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত। বেশিরভাগ ইউনিয়নই মিঃ সরদারের এলাকার দিকে হওয়ায়, ভোটারদের উপর তার বড় প্রভাব রয়েছে। এই প্রভাব আরও বেড়েছে গত উপজেলা নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পাবার মধ্য দিয়ে। বিভিন্ন সমাজসেবক মূলক কাজের জন্য উপজেলার মানুষ তাকে একজন সমাজসেবক ও দানশীল ব্যক্তি বলেই চেনেন।এর কারণেই এ আসনে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবেন স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সবদার।
স্থানীয় ও মিঃ সরদারের কর্মী-সমর্থকরা বলছেন, তিনি দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়নমূলক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। তিনি ব্যক্তিগত অর্থায়ণে অসহায় পরিবারকে আর্থিক সহায়তা প্রদান, অসহায় পরিবারের মাঝে নলকূপ স্থাপন,ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ ও মন্দিরে আর্থিক সহায়তা, ফ্রি অ্যাম্বুলেন্স সহ অসুস্থদের চিকিৎসা সহায়তা প্রদানের মতো জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তার ভূমিকা ইতিবাচক প্রভাব ফেলেছে। ভোটারদের মুখে শোনা যাচ্ছে সবাইকে চমকে দিয়ে তিনিও নির্বাচিত হতে পারেন এ আসনের সংসদ সদস্য।
আর একারণেই এবার গাইবান্ধা -১ সুন্দরগঞ্জ আসনে বিভিন্ন প্রার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ বা মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে ক্লীন ইমেজের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার।
