

গঙ্গাচড়া(রংপুর)প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নুর আলম (৬০) নামের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
জানা যায়,পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার রংপুর-১ আসন এলাকায় মোটরসাইকেল সোডাউন কর্মসূচি পালন করে জামায়াতে ইসলামী।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী রায়হান সিরাজীর সমর্থনে একটি মোটরসাইকেল শোডাউন চলছিল। সকাল ৯টায় গঙ্গাচড়া উপজেলা মাঠ থেকে মোটরসাইকেলের শোডাউনটি যাত্রা শুরু করে।
শোডাউনটি গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের তুলসীরহাট থেকে সয়রাবাড়ী যাওয়ার পথে ব্রমোত্তর এলাকায় পৌঁছালে নুর আলম নামে এক জামায়াতের কর্মী মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক পিলারের সঙ্গে সজোরে ধাক্কা খান। এতে তার বুকে ও মাথায় গুরুতর আঘাত লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।রাত ৯ টায় তার জানাজা অনুষ্ঠিত হয়।
নিহত নুর আলম মিয়া রংপুর মহানগরীর হাজিরহাট থানাধীন উত্তম হাজিরহাট (কোর্ট মন্থনা) এলাকার মৃত মনসুর আলীর পুত্র।
নুর আলমের মোটরসাইকেলটি পিলারে ধাক্কা খাওয়ার পর তার পেছনে থাকা আরও কয়েকটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে আরও কয়েকজন মোটরসাইকেল আরোহী আহত হন।
এ বিষয়ে জামায়াতে ইসলামী উপজেলা শাখার সহকারী সেক্রেটারি আব্দুল হালিম জানান, পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ সারাদিন মোটরসাইকেল শোডাউন ছিল।তিনহাজারের ও অধিক মোটরসাইকেল ছিল।সেই শোডাউনে হাজিরহাট(কোর্ট মন্থনা) এলাকার দায়িত্বশীল/কর্মী নুর আলম এর মোটরসাইকেলটি ব্রমোত্তর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজ এর পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সাথে সজোরে ধাক্কা লাগে। এর সাথে সাথে কয়েকটি মোটরসাইকেল ও দূর্ঘটনার সম্মুখীন হয়।কয়েকজন আহত হয়েছে তবে গুরুতর নয়।নুর আলম বুকে ও মাথায় প্রচন্ড আঘাত পেয়ে লুটিয়ে পড়লে তৎক্ষনাৎ তাকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল এ পাঠানো হয়। কিছুক্ষন পর তার মৃত্যু হয়।রাত ৯ টায় রংপুর সিটি কর্পোরেশন এলাকার উত্তম হাজিরহাট (কোর্ট মন্থনা) এলাকায় তার জানাজা অনুষ্ঠিত হলো।
গঙ্গাচড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হানিফ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল শোডাউনে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি।

