

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলায় পুকুরে সেচের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) সকাল আনুমানিক ১১টা ৪০ মিনিটে উপজেলার সদর ইউনিয়নের শেরপুর গ্রামের গাছকুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম বিমান (৩৮)। তিনি উপজেলার বালুভরা ইউনিয়নের নয়াগাঁও গ্রামের শ্রী বাবুর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর গ্রামের সুজন হোসেনের একটি পুকুরে মাছ ধরার উদ্দেশ্যে বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি সেচের কাজ চলছিল। ওই কাজে শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলেন বিমান। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন।
আহত বিমানকে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে বদলগাছী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন, মরদেহের সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে।
