ঢাকা
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:৫৩
logo
প্রকাশিত : আগস্ট ১৮, ২০২৫

সংবাদ প্রকাশের পর মাঝিয়ালির চরবাসীর পাশে ইউএনও

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার আত্রাই নদীর বুকজুড়ে গড়ে ওঠা মাঝিয়ালির চর। দীর্ঘদিন ধরে বিচ্ছিন্ন এই চরেই বসবাস করছে ১৩টি পরিবার। বর্ষার পানিতে চারদিক ঘেরা হয়ে পড়ে এলাকা। নৌকা না থাকায় শিশুরা স্কুলে যেতে পারে না, অসুস্থ হলে চিকিৎসা নিতে বিলম্ব হয়। এই কষ্টের কথা উঠে এসেছিল প্রতিবেদনে। সংবাদ প্রকাশের পর দ্রুত পদক্ষেপ নিল উপজেলা প্রশাসন।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার নিজেই উপস্থিত হয়ে চরবাসীর হাতে একটি নতুন নৌকা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক ও আলোকঝাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান।

নৌকা হস্তান্তরের সময় ইউএনও বলেন, মানুষের কষ্ট কমানোই সরকারের কাজ। সংবাদে চরবাসীর ভোগান্তির খবর দেখে আমি নিজে এসে দাঁড়ালাম তাদের পাশে। আশা করি, এই নৌকা অন্তত কিছুটা হলেও তাদের চলাচলের সমস্যার সমাধান করবে।

চরের বাসিন্দা আব্দুল লতিফ আবেগাপ্লুত কণ্ঠে বলেন, আমরা শুধু কষ্টের কথা বলেছি। ভাবিনি এত দ্রুত সমাধান আসবে। ইউএনও স্যার আমাদের জন্য নৌকা দিয়ে সত্যিই বড় উপকার করলেন।

স্থানীয় আহসান হাবিব বলেন, বর্ষাকালে সন্তানদের স্কুলে নেওয়া যেত না, অসুস্থ হলে বিপাকে পড়তে হতো। এই নৌকা আমাদের জীবনের নতুন ভরসা।

আরেক বাসিন্দা সোহেল ইসলাম জানান, আমরা বহুদিন ধরে নৌকার দাবি করে আসছিলাম। আজ ইউএনও স্যার নিজ হাতে আমাদের নৌকা দিলেন। এটা আমাদের জীবনের জন্য বড় প্রাপ্তি।

চরের নারীরাও স্বস্তি প্রকাশ করেছেন। তারা বলেন, আগে বর্ষার সময় সন্তানদের স্কুলে পাঠানো বা বাজারে যাওয়া ছিল ভয়ংকর ঝুঁকিপূর্ণ। এখন অন্তত কিছুটা হলেও স্বস্তি মিলবে।

মাঝিয়ালির চরবাসীরা মনে করছেন, এই নৌকা শুধু চলাচলের কষ্টই কমাবে না, বরং শিক্ষা ও চিকিৎসার সুযোগের পথও সহজ করবে। চরবাসীর ভাষায় এটা যেন অন্ধকারে আলোর প্রদীপ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram