

আজিজ আহমেদ, বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: বিগত দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পাশে যুবদল ভ্যানগার্ড হিসেবে দায়িত্ব পালন করেছে। আগামী দিনেও একইভাবে বর্তমান প্রধানমন্ত্রীর পাশে থেকে দলের সাংগঠনিক শক্তি ও গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করতে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ও নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন।
শুক্রবার বিকেলে নোয়াখালীর চাটখিল উপজেলার চাটখিল বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, চাটখিল উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব শাহাজাহান রানা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ গোলাম মোস্তফা ভূঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফিরোজ ও মোহাম্মদ সাইফুল ইসলাম জগলুসহ উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি চাটখিল বাজার থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। পরে র্যালিটি নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।
মঞ্জুরুল আজিম সুমন বলেন, যুবদল বিএনপির একটি গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন। দলের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে যুবদলের নেতাকর্মীরা সাহসিকতার সঙ্গে অগ্রণী ভূমিকা পালন করেছেন। অতীতের মতো আগামীতেও দলের নেতৃত্বের প্রতি আস্থা ও আনুগত্য বজায় রেখে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। একই সঙ্গে দেশের মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
আলোচনা সভায় বক্তারা যুবদলের প্রতিষ্ঠাকালীন ইতিহাস, সংগঠনের সাংগঠনিক কার্যক্রম এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে যুবদলের ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি আগামী দিনে সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
