ঢাকা
logo
প্রকাশিত : August 30, 2026

চট্টগ্রাম বন্দরে লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণকাজের উদ্বোধন

মো: নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনালের মূল নির্মাণকাজ (গ্রাউন্ড ব্রেকিং) আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রবিবার (৩০ আগস্ট) বেলা ১১টায় লালদিয়া টার্মিনাল এলাকায় এ উন্নয়নকাজের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি।

বন্দর সূত্রে জানা গেছে, সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) পদ্ধতির এ প্রকল্পে মোট বিনিয়োগ হবে ৫৫০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি। যা দেশের অন্যতম বৃহৎ পিপিপি বিনিয়োগ। ৪৯ দশমিক ১৫ একর জমির ওপর গড়ে ওঠা এ টার্মিনালের মূল অংশে থাকবে ৩২ একর, কন্টেইনার ইয়ার্ড ৭ দশমিক ১৫ একর এবং ট্রাক পার্কিং ও প্রি-গেট সুবিধার জন্য ১০ একর জায়গা। ৬১৬ মিটার দীর্ঘ জেটিসমৃদ্ধ এ টার্মিনালে বার্ষিক ৮ লাখ টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিং সম্ভব হবে। টার্মিনালটি নির্মাণের সময়সীমা নির্ধারণ করা হয়েছে তিন বছর।

চুক্তি অনুযায়ী, ২০৩০ সাল থেকে পরবর্তী ৩০ বছর এটি পরিচালনা করবে ডেনিশ কোম্পানি এপিএম টার্মিনালস। চুক্তির শর্ত সঠিকভাবে পালিত হলে পরিচালনার মেয়াদ আরও ১৫ বছর পর্যন্ত বাড়তে পারে; অর্থাৎ সর্বোচ্চ ৪৮ বছর এটি ডেনিশ প্রতিষ্ঠানটির পরিচালনায় থাকতে পারে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চলের স্থানীয় সংসদ সদস্য এরশাদ উল্ল্যাহ ও শাহজাহান চৌধুরী, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস. এম. মনিরুজ্জামান প্রমুখ।

উল্লেখ্য, লালদিয়া চরে গড়ে উঠছে চট্টগ্রাম বন্দরের নতুন টার্মিনাল। কর্ণফুলীর নদীর মোহনার কাছে এ চর এলাকার অবস্থান। চরের পর গুপ্তবাঁক পার হলে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল (পিসিটি)। টার্মিনালটি পরিচালনা করছে সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল (আরএসজিটি)। এর আরও সাত (৭) থেকে নয় (৯) কিলোমিটার উজানে রয়েছে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) ও জেনারেল কার্গো বার্থ (জিসিবি)।

২০২১ সালের জুনে বাংলাদেশ সরকারের সাথে ডেনমার্ক সরকারের মধ্যে সমঝোতা স্মারক সাক্ষর হয়। পরে মেয়ার্স্কের এপিএম টার্মিনালস লালদিয়া টার্মিনাল নির্মাণে ২০২৩ সালের ২১ মে তাদের প্রস্তাব দেয়। প্রস্তাবটি পিপিপি পদ্ধতিতে বাস্তবায়নের জন্য অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি নীতিগত অনুমোদন দেয় ২০২৩ সালের ২৯ নভেম্বর। ২০২৪ সালের ৩ জানুয়ারি বাংলাদেশ-ডেনমার্ক এর পিপিপি জয়েন্ট প্ল্যাটফর্ম সভায় প্রকল্পটি উপস্থাপন করা হলে ডেনমার্ক সরকারের পক্ষে এপিএম টার্মিনালস প্রকল্পটি বাস্তবায়নের জন্য গ্রহণ করে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram