

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়ায় একটি ফসলের জমি থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ৬০ বছর বয়সী ওই নারীর পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশের পাশ থেকে একটি স্টিলের চাকু উদ্ধার করা হয়েছে।
রোববার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার ধানকোড়া ইউনিয়নের চরধানকোড়া এলাকায় কুদ্দুস মিয়ার ফসলের জমিতে লাশটি পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা পুলিশকে খবর দেন।
পুলিশ জানায়, খবর পেয়ে সাটুরিয়া থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। ওই নারীর পেটে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখমের চিহ্ন পাওয়া যায়। লাশের পাশ থেকে একটি স্টিলের চাকু উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, অন্য কোথাও ওই নারীকে হত্যার পর লাশটি সেখানে ফেলে রাখা হয়ে থাকতে পারে। তবে হত্যার স্থান, কারণ ও জড়িত ব্যক্তিদের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান আসাদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে।
