

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে গাঁজা সেবন ও বিক্রির অভিযোগকে কেন্দ্র করে এক ব্যক্তির বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বামেরবন্দ গ্রামে রোববার এ ঘটনা ঘটে। হামলায় ঘরের আসবাবপত্র ও স্থাপনা ভাঙচুরের পাশাপাশি টাকা-পয়সা নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন বাড়ির মালিক মুক্তার আলী।
মুক্তার আলী জানান, দীর্ঘদিন ধরে তাঁর নিকটাত্মীয়রা সম্পত্তি দখলের চেষ্টা করছেন। এরই ধারাবাহিকতায় রোববার কয়েকজন সংঘবদ্ধ হয়ে তাঁর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ সময় ঘরের বিভিন্ন আসবাবপত্র ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় এবং টাকা-পয়সা নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
হামলাকারীদের বাধা দিতে গেলে তাঁর স্ত্রী রানু বিবির সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। পরে পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়ে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন মুক্তার আলী। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
তবে মুক্তার আলীর অভিযোগের বিষয়ে জালাল মিয়া, সোহেল মিয়া ও রুবেল মিয়া বলেন, মুক্তার আলী দীর্ঘদিন ধরে গাঁজা সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। তাঁর এসব কর্মকাণ্ডে এলাকার সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে। মাদক ও অসামাজিক কর্মকাণ্ড বন্ধের উদ্দেশ্যেই তাঁর বাড়িতে ভাঙচুর করা হয়েছে বলে দাবি করেন তাঁরা।
স্থানীয়দের দাবি, এ ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তার আলীর স্বজনরা।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
