

মোঃ হারুন অর রশিদ, ডেমরা প্রতিনিধি: রাজধানীর যাত্রাবাড়ী এলাকার কুতুবখালীতে এক পথচারীকে চাপা দিয়ে পালানোর সময় একটি বাস ও মোঃ সাইফুল (২৬) নামের ওই বাসের চালককে আটক করেছে যাত্রাবাড়ী ট্রাফিক জোন পুলিশ। রবিবার (৩০ আগস্ট) সকাল প্রায় ১১ টার দিকে যাত্রাবাড়ীর শনির আখড়া থেকে চালকসহ বাসটিকে আটক করা হয়।
যাত্রাবাড়ী ট্রাফিক জোন সূত্রে জানা যায়, রবিবার সকালে যাত্রীবাহী একটি বাস যাত্রাবাড়ী থেকে চিটাগাং রোডের দিকে যাওয়ার সময়ে কুতুবখালী এলাকায় এক পথচারীকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ঘটনাস্থলে দায়িত্বরত ট্রাফিক পুলিশ তাৎক্ষণিকভাবে রাস্তা বন্ধ করে দেয় এবং ধাওয়া করে শনির আখড়া এলাকা থেকে চালকসহ বাসটিকে আটক করতে সক্ষম হয়।
জানা গেছে, বাসের নিচে চাপা পড়া ওই পথচারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক চালক ও বাসটিকে যাত্রাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে যাত্রাবাড়ী ট্রাফিক জোন।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার অফিসার নইনচার্জ মো. রাজু বলেন, আটককৃত চালকের বিষয়ে মামলা দায়েরের পরে তাকে আদালতে পাটানো হবে। এছাড়া আটকৃত গাড়ীটি আমাদের জব্দ তালিকায় থাকবে পরে আদালতের নির্দেশ পেলে গাড়ী ছেড়ে দেয়া হবে।
