

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে খালে ডুবে মো. বখতিয়ার হোসেন (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার একদিন পর বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ইউনিয়নের ৯নং ওয়ার্ড খোরশেদ তালুক এলাকার কুরমাই খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মো. বখতিয়ার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড মোয়াজ্জিন বাড়ির রমজান আলীর ছেলে। পেশায় কৃষক হলেও তিনি পূর্বে দীর্ঘদিন সৌদি আরব প্রবাসী ছিলেন এবং অসুস্থতার কারণে প্রায় ৮-১০ বছর আগে দেশে ফিরে আসেন। তাঁর পরিবারে দশ বছর বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে তিনি বাড়ির অদূর পাহাড়ি এলাকায় নিজের খামারে যান। সেখানে কৃষি প্রজেক্ট ও দুটি গরু দেখাশোনা করার পাশাপাশি তিনি প্রতিদিনের মতো কুরমাই খালে বড়শি দিয়ে মাছ ধরতে নামেন। সেখানে তিনি নিখোঁজ হন এবং একদিন পর লাশ উদ্ধার হয়।
মোহাম্মদ ইলিয়াস কবির নামে একজন জানান, মাছ ধরার একপর্যায়ে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত শারীরিক জটিলতার কারণে তিনি সকলের অগোচরে খালে পড়ে নিখোঁজ হন বলে ধারণা করা হচ্ছে। এ সময় খালের পাড়ে তাঁর খাবারের বাটি ও ছাতা পড়ে থাকতে দেখা যায়। এদিন বিকেল থেকে তাঁর কোনো সন্ধান না মেলায় স্বজন ও এলাকাবাসী বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে কুরমাই খালে স্থানীয়রা তাঁর মৃতদেহ ভাসতে দেখতে পান। পরে এলাকাবাসী গিয়ে লাশ উদ্ধার করেন।
এদিকে এই মর্মান্তিক ঘটনায় নিহত কৃষকের পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। একইদিন সন্ধ্যা ৬টায় হযরত আব্দুল কাদের জিলানী (রা:) জামে মসজিদ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং এরপর ছাদকের পাড়া এলাকার তাঁর পুরাতন বাড়ি সংলগ্ন কবরস্থানে মরদেহ দাফন করা হয়।
