

টাঙ্গাইল প্রতিনিধি: বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, একটি ফ্যাসিবাদী আমলের দীর্ঘ অন্ধকার যুগ পেরিয়ে বাংলাদেশ আজ একটি নতুন সম্ভবনার দ্বারপ্রান্তে উপনীত। ২৪’র জুলাই বিপ্লব পরবর্তী যে রাজনীতিক শক্তিগুলো রয়েছে, আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশকে গড়ে তুলতে চাই। আমাদের চলমান আন্দোলন সংগ্রাম-সরকার পতনের আন্দোলন নয়। আমাদের চলমান এ আন্দোলন সরকারের কাছ থেকে জনগণের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন।
বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল শহীদ মিনারে বাংলাদেশ খেলাফত মজলিস টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে গণভোটের রায় বাস্তবায়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে মাদক ও সন্ত্রাস বিরোধী নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ফ্যাসিবাদী সরকার মানুষের কাছ থেকে ভোটাধিকার কেড়ে নিয়ে ক্ষান্ত হয়নি, গোটা বাংলাদেশটাকে একটা বধ্যভূমিতে পরিণত করেছিলা। বাংলাদেশের হাজার হাজার যুবকদেরকে গুম ও খুন করেছিলা। বাংলাদেশের নাগরিকদের অধিকারের চেয়ে আরেকটি ভিন দেশের স্বার্থ রক্ষা করাই হয়েছিলো সরকারের প্রধান এজেন্ডা।
তিনি বলেন, আমরা যদি ২৪’র জুলাই আন্দোলনের চেতনাকে রক্ষা করতে ব্যর্থ হই, গণভোটের রায় কার্যকর করতে ব্যর্থ হই বাংলাদেশের মানুষের আদালতে শুধুমাত্র বর্তমান সরকার বিএনপি নয় বরং আমরা বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল আগামী দিনের দ্বায়ী হয়ে থাকবো।
মাওলানা মামুনুল হক বলেন, একটি ভোটে সংসদ নির্বাচনে ৫০ ভাগ বেশি মানুষ দিলো বিএনপি এবং তার মিত্রদের। তারা সংখ্যা গরিষ্ঠতা পেয়ে ২শতাধিক আসন কেড়ে নিয়ে, ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে সুপরিকল্পিভাবে, উপদেষ্টা রেজুয়ানারা ষড়যন্ত্র করে বিএনপিকে তিনভাগের দুই ভাগ মেজরিটি দিয়েছে। আমার ভোটের আসন থেকে পরিকল্পিতভাবে সংসদে কথা বলার অধিকার রুদ্ধ করে দিয়েছে। আমরা তা মেনে নিয়েছি জনগণের স্বার্থে।
এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা ও উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ খেলাফত মজলিসের জেলার সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়েতুল্লাহ হাদি, জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মাওলানা জায়েদ হাবিব, জাতীয় নাগরিক পার্টির আহবায়ক কামরুজ্জামান শাওন, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রাসেল প্রমুখ।
