

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিশিয়াল পরিচয় ব্যবহার করে তৎপর হয়ে উঠেছে একটি প্রতারক চক্র। স্থানীয় ব্যক্তি ও বিভিন্ন সরকারি কর্মকর্তাকে ফোন করে তারা ব্যক্তিগত ও দাপ্তরিক তথ্য সংগ্রহের পাশাপাশি টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। প্রতারক চক্রের এমন অপতৎপরতা রুখতে সাধারণ মানুষকে সচেতন থাকার পরামর্শ দিয়েছে উপজেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার বিকেলে সাটুরিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম বিষয়টি নিশ্চিত করে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান।
প্রতারক চক্রের কল পেলে কোনো ধরনের দাপ্তরিক বা ব্যক্তিগত তথ্য না দেওয়ার পাশাপাশি টাকা লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। একই সঙ্গে সন্দেহজনক কোনো কল এলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা উপজেলা প্রশাসনকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ১৯ আগস্ট রাতে সাটুরিয়া ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তাকে ইউএনও পরিচয় দিয়ে এক ব্যক্তি ফোন করেন। ফোনে সাটুরিয়া বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নম্বর চাওয়া হয়। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় সঙ্গে সঙ্গে তা ঊর্ধ্বতন প্রশাসনকে জানানো হয়।
এ প্রসঙ্গে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম জানান, সাটুরিয়া উপজেলা প্রশাসন কখনোই এ ধরনের অনৈতিক কাজের সঙ্গে জড়িত নয়। বিভ্রান্তিকর কোনো তথ্যে বিভ্রান্ত না হতে তিনি সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি আরো জানান, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিশিয়াল যোগাযোগের একমাত্র মোবাইল নম্বর ০৭১৩-৩৫৩৩১৭ (01713-353317)। এই একটি নির্দিষ্ট নম্বর ছাড়া তিনি বা তার কার্যালয় থেকে অন্য কোনো নম্বর ব্যবহার করা হয় না।
