

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে মাদক সেবনের দায়ে দুই যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সাজা প্রদান করেন।
সাজাপ্রাপ্ত হলো, উপজেলার মেদীআশুলাই এলাকার আমিন উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৪৮) এবং মির্জাপুর থানার তেলিনা এলাকার রফিকুল ইসলামের ছেলে বেলায়েত হোসেন (২৮)।
আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সাইফুল ইসলাম ও বেলায়েত উপজেলার চাপাইর ইউনিয়নের মেদী আশুলাই এলাকায় ইয়াবা, হেরোইন, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সেবন করে আসছিল। পুলিশ এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে মেদী আশুলাইয়ের মধ্যেপাড়া এলাকায় ইয়াবা সেবনকালে হাতে নাতে আটক করে তাদের। এছাড়া তাদের বিরুদ্ধে চুরি, ছিনতাইসহ একাধিক অভিযোগ রয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।
বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযোগের সত্যতা যাচাই শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পুলিশ সদস্য ও উপজেলা কর্মকর্তা-কর্মচারী এ সময় উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবার্হী কর্মকর্তা এএইচএম ফখরুল হোসাইন জানান, দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
