

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের ১ হাজার ৭ শত গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগষ্ট) সকালে উপজেলার তুমলিয়া ইউনিয়নের বোয়ালী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ইউপি চেয়ারম্যান মো. আবু বকর মিয়ার সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার, বোয়ালী বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. খাইরুল আহসান মিন্টু, বক্তারপুর ইউপি চেয়ারম্যান মো. আতিকুর রহমান আকন্দ ফারুক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রী ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে। একটি গাছ শুধু আমাদের ফলই দেয় না, এটি পরিবেশের ভারসাম্য রক্ষা ও অক্সিজেন সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিশু ভূমিষ্ট হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন, ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে। পরিবেশ রক্ষা ও নতুন প্রজন্মের মধ্যে বৃক্ষপ্রেম ছড়িয়ে দিতে এই কার্যক্রম অব্যাহত রাখতে হবে।
বিদ্যালয়ের শিক্ষার্থী তাসকা দেলোয়ার ও আলিফা ইসলাম স্বর্ণার যৌথ সঞ্চালনায় চারা বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বোয়ালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র মিত্র, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতাউর রহমান খান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার, তুমলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ প্রমুখ। এ সময় স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
