ঢাকা
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৪৫
logo
প্রকাশিত : জুন ২০, ২০২৬

বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বগুড়ার নবগঠিত দুই উপজেলার কয়েকটি ইউনিয়নের নামকরণ নিয়ে বিতর্ক ওঠার পর প্রধানমন্ত্রী তারেক রহমান জেলা প্রশাসককে ফোন করে দুটির নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন। সেই দুটি ইউনিয়ন হলো ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’। এগুলোর নাম পরিবর্তনে নতুন করে গণশুনানি করা হবে।

শুক্রবার (১৯ জুন) রাতে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই নির্দেশনার কথা জানানো হয়।

বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, 'প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দিয়ে ফের গণশুনানি করা হবে।'

গত ১১ জুন বগুড়া জেলা প্রশাসনের এক প্রজ্ঞাপনে শিবগঞ্জ উপজেলার ৫টি এবং নবঘোষিত মোকামতলা উপজেলার ৮টি ইউনিয়নের প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করা হয়। ১৪ জুন সেই গেজেট প্রকাশের পরপরই নামকরণের বিষয়টি নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়।

অভিযোগ ওঠে— স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলম ক্ষমতার অপব্যবহার করে তার পরিবারের সদস্যদের নামে ইউনিয়নের নামকরণ করিয়েছেন। মোকামতলা উপজেলার নবগঠিত দুটি ইউনিয়নের নাম রাখা হয় ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’, যা প্রতিমন্ত্রীর দুই ছেলে মীর শাকরুল আলম সীমান্ত এবং মীর সাকলাইন আলম দিগন্তের নামের সঙ্গে হুবহু মিল। এ ছাড়া শিবগঞ্জ উপজেলায় গঠিত একটি ইউনিয়নের নাম প্রতিমন্ত্রীর পৈতৃক বাসভবনের নামানুসারে ‘মীরবাড়ী ইউনিয়ন’ রাখা হয়।

সরকারি নামকরণে এমন পারিবারিকীকরণের বিষয়টি সামনে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় পর্যায়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। উদ্ভূত পরিস্থিতিতে সুশাসন ও জন-আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বয়ং প্রধানমন্ত্রী এই বিতর্কিত নামগুলো পরিবর্তনের সরাসরি নির্দেশ দিয়েছেন।

সার্বিক আইনি প্রক্রিয়া শেষে দ্রুতই ইউনিয়নগুলোর নতুন নাম চূড়ান্ত গেজেট আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram