

মো: নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার প্রায় তিনগুণ বন্দী থাকায় তীব্র জনাকীর্ণতা ও মানবিক সংকট তৈরি হয়েছে। অতিরিক্ত বন্দীর চাপে আবাসন, খাবার, বিশুদ্ধ পানি, স্যানিটেশন ও চিকিৎসাসেবাসহ কারাগারের মৌলিক সেবাগুলোও চাপের মুখে পড়েছে। কারা কর্তৃপক্ষ বলছে, দীর্ঘদিনের এই সংকট মোকাবিলায় নতুন কারাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও জমি-সংক্রান্ত জটিলতায় তা এগোয়নি।
কারা সূত্র জানায়, প্রায় ২ হাজার ২০০ বন্দীর ধারণক্ষমতাসম্পন্ন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বর্তমানে প্রতিদিন গড়ে ৬ হাজার থেকে সাড়ে ৬ হাজার বন্দী অবস্থান করছেন। অর্থাৎ ধারণক্ষমতার প্রায় তিনগুণ বন্দীকে একসঙ্গে রাখতে হচ্ছে। গত এক সপ্তাহ ধরেই বন্দীর সংখ্যা ৬ হাজারের আশপাশে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
অতিরিক্ত বন্দীর কারণে কারাগারের প্রতিটি ওয়ার্ড ও কক্ষে তৈরি হয়েছে তীব্র চাপ। যেখানে ৩০ থেকে ৪০ জন বন্দীর থাকার কথা, সেখানে কোনো কোনো কক্ষে ১০০ জন পর্যন্ত বন্দীকে রাখতে হচ্ছে। এতে বন্দীদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে এবং বাড়ছে স্বাস্থ্যঝুঁকি।
কারাগারে অতিরিক্ত বন্দীর চাপের প্রভাব পড়েছে খাবার, বিশুদ্ধ পানি, টয়লেট ও চিকিৎসাসেবাতেও। বিশেষ করে গরমের সময়ে ঘনবসতিপূর্ণ কক্ষগুলোতে বন্দীদের দুর্ভোগ আরও বেড়ে যায়। পর্যাপ্ত জায়গার অভাবে অনেককে গাদাগাদি করে থাকতে হচ্ছে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন বলেন, “কারাগারের ধারণক্ষমতা ২ হাজার ২০০ হলেও বর্তমানে প্রতিদিন গড়ে ৬ হাজারের বেশি বন্দী রয়েছে। ফলে সব ধরনের সেবাতেই চাপ তৈরি হচ্ছে।”
কারা বিভাগের কর্মকর্তারা বলছেন, অতিরিক্ত বন্দীর চাপ কমাতে দীর্ঘদিন ধরেই চট্টগ্রামে নতুন কারাগার নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় জমিও নির্ধারণ করা হয়েছিল। তবে দখলসংক্রান্ত জটিলতার কারণে ওই প্রকল্প আর এগোয়নি।
চট্টগ্রাম বিভাগের কারা উপ-মহাপরিদর্শক মো. ছগির মিয়া জানান, বর্তমানে নতুন করে ৩০ থেকে ৫০ একর জমি খোঁজা হচ্ছে। এমন জায়গা খোঁজা হচ্ছে, যেখানে আদালত, হাসপাতাল ও পুলিশ লাইনের সঙ্গে যোগাযোগব্যবস্থা সহজ থাকবে।
মানবাধিকার কর্মীদের মতে, কারাগারে অতিরিক্ত বন্দীর চাপ শুধু ব্যবস্থাপনাগত সমস্যা নয়; এর সঙ্গে জড়িয়ে রয়েছে বন্দীদের মৌলিক অধিকার ও মানবিক মর্যাদার বিষয়।
মানবাধিকার আইনজীবী অ্যাডভোকেট সাইমুল ইসলাম আসাদ বলেন, “কারাগার কেবল শাস্তির জায়গা নয়, এটি সংশোধনের স্থান। অতিরিক্ত ভিড় বন্দীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এবং এটি মৌলিক অধিকারের পরিপন্থী।”
তার মতে, বন্দীদের নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে কারাগারের অবকাঠামো ও ব্যবস্থাপনায় দ্রুত পরিবর্তন আনা প্রয়োজন।
বিশেষজ্ঞদের মতে, কারাগারে অতিরিক্ত বন্দীর অন্যতম কারণ বিচারব্যবস্থার ওপর দীর্ঘদিনের চাপ এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার সীমাবদ্ধতা। শুধু নতুন কারাগার নির্মাণ করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না; একই সঙ্গে মামলার জট কমানো এবং বিকল্প বিরোধ নিষ্পত্তির সুযোগ বাড়াতে হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি ও পুলিশ সায়েন্স বিভাগের সাবেক চেয়ারম্যান মো. সাখাওয়াত হোসেন বলেন, “কারাগারের প্রধান সমস্যা অতিরিক্ত ভিড়, স্বাস্থ্যসেবা ও স্যানিটেশনের ঘাটতি। বিচারব্যবস্থার চাপ কমাতে ইনফরমাল বা বিকল্প সামাজিক বিচারপ্রক্রিয়াকে আরও কার্যকর করতে হবে।”
তিনি বলেন, গ্রাম আদালত ও স্থানীয় পর্যায়ের বিরোধ নিষ্পত্তির উদ্যোগগুলো শক্তিশালী করা গেলে ছোটখাটো বিরোধের মামলা আদালত পর্যন্ত গড়ানোর প্রবণতা কমতে পারে। এতে মামলার চাপ কমার পাশাপাশি কারাগারেও বন্দীর সংখ্যা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
সংশ্লিষ্টদের মতে, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বর্তমান পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বন্দীদের স্বাস্থ্য, নিরাপত্তা ও মানবিক পরিবেশ নিয়ে আরও বড় সংকট তৈরি হতে পারে। তাই নতুন কারাগার নির্মাণের জন্য দ্রুত জমি নির্বাচন ও প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি বিচারাধীন মামলার জট কমানো, বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা শক্তিশালী করা এবং কারাগারের বিদ্যমান অবকাঠামো সম্প্রসারণে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
অন্যথায় ধারণক্ষমতার কয়েকগুণ বন্দী নিয়ে চলতে থাকা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের মানবিক সংকট ভবিষ্যতে আরও ভয়াবহ রূপ নিতে পারে।
