ঢাকা
logo
প্রকাশিত : April 13, 2026

কৃষক কার্ড বিতরণ করতে আসছেন প্রধানমন্ত্রী, সাজ সাজ রব টাঙ্গাইলে

কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে আগামীকাল ১৪ এপ্রিল পহেলা বৈশাখ প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান টাঙ্গাইলে আসছেন। তার সফরকে ঘিরে টাঙ্গাইলসহ আশেপাশের এলাকাগুলোতে ব্যাপক সাজ সাজ রব ও উৎসবের আমেজ তৈরি হয়েছে।

প্রধানমন্ত্রী হিসেবে তার দেশে দ্বিতীয় জেলা সফর ও টাঙ্গাইলে প্রথম আগমন।

তিনি সড়ক পথে মঙ্গলবার সকাল ৮টায় নিজ বাসভবন থেকে টাঙ্গাইল জেলার উদ্দেশ্যে রওনা হবেন। সকাল ১০টায় প্রথমে তিনি সন্তোষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করবেন। এরপর তিনি সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইল মারুফ স্টেডিয়ামে সারাদেশব্যাপি প্রি-পাইলটিং “কৃষক কাডর্” বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন এবং কৃষক সমাবেশে ভাষণ দিবেন।

পরে দুপুর সোয়া ১২টায় শহরের পৌর উদ্যানে “কৃষি মেলার” উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

তার আগমন উপলক্ষে শহরের রাস্তা-ঘাট মেরামত করা হচ্ছে এবং তৈরি করা হচ্ছে গেট ও তোরণ। স্টেডিয়াম মাঠে চলছে মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ। শহরের পৌর উদ্যানে “কৃষি মেলার” বিভিন্ন স্টল নির্মাণ করা হচ্ছে। সার্কিট হাউজ, স্টেডিয়াম ভবন, স্টেডিয়ামের গ্যালারিসহ আশপাশের সড়ক ও এলাকায় চলছে পরিচ্ছন্নতার কাজ।

সারা শহরেই চলছে সাজসজ্জা। রাস্তার দু’পাশে বিভিন্ন রঙিন পতাকা দিয়ে শোভাবর্ধন করা হচ্ছে।

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন বলেন, দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী আসছেন, তাই ব্যাপক উৎসাহ ছড়িয়ে পড়েছে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে। সর্বস্তরের মানুষের মাঝে এ নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তারা প্রধানমন্ত্রীর আগমনে আনন্দিত ও গর্বিত। তাকে দেখার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছেন জেলাবাসি।

তিনি জানান, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইলের সীমানা গোড়াই থেকে রাস্তার দুই পাশে স্বাগত জানাতে নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে। বিএনপির নেতাকর্মীরা রাস্তার দু’পাশে তাকে ফুল দিয়ে স্বাগত জানাবেন। টাঙ্গাইল জেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সার্বিক সহযোগিতা দেবে।

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত বলেন, প্রধানমন্ত্রীর সফরকে সফল করতে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। ইতোমধ্যেই সমন্বয় সভাসহ নানা প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত থেকে ১৫ জন কৃষককে সরাসরি কৃষক কার্ড দেয়ার জন্য নির্বাচিত করা হয়েছে। ইতোমধ্যেই টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে এই কার্ড বিতরণের ভেন্যু প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে।

টাঙ্গাইল পুলিশ সুপার মোঃ শামসুল আলম সরকার বলেন, প্রধানমন্ত্রী যেসব ভেন্যুতে কর্মসূচি পালন করবেন, সেসব এলাকায় চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া জেলা পুলিশের পক্ষ থেকে সর্ব্বোচ্য প্রস্তুতি নেয়া হয়েছে।

অনুষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত টাঙ্গাইল সদরের সংসদ সদস্য, মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, অনুষ্ঠান সফল করতে ইতোমধ্যেই ভেন্যু পরিদর্শনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে সমন্বয় সভা করা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের ঐহিত্যকে ধারণ করে এই অনুষ্ঠান সাজানো হয়েছে। আমরা সকল ধরণের প্রস্তুতি নিয়েছি। এটি স্মরণকালের ঐতিহাসিক সুন্দর অনুষ্ঠান হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশের ঐতিহ্য ৮০ ভাগ কৃষকের দেশ বাংলাদেশ। কৃষকদের উন্নয়নে সেই কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করতে টাঙ্গাইলে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিন ও সময়ে সারাদেশে আরো ৯টি স্থানে ৩৫ হাজার কৃষক কার্ড বিতরণ করা হবে।

ঐতিহাসিক এই কৃষক কার্ড পাওয়ার আশায় টাঙ্গাইলে কৃষকদের মাঝে চলছে আনন্দ উল্লাস ও খুশির জোয়ার। তারা প্রধানমন্ত্রীর হাত থেকে এ কার্ড নেয়ার জন্য অধীর অপেক্ষায় আছেন। টাঙ্গাইল জেলার সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের নিয়োগী জোয়াইর গ্রামের কৃষক মোঃ নবাব আলী বলেন, জীবনে যা আশা করিনি, সেই কৃষক কার্ড আমি পাইতেছি। আমি খুবই খুশি ও গর্বিত।

সুরুজ পূর্বপাড়া গ্রামের কৃষাণী জুলেখা আক্তার বলেন, ছোটবেলা থেকেই আমি মাঠে গিয়ে কৃষি কাজ করি। এ পর্যন্ত কোনদিন সরকারি কিছুই পাইনি। এখন প্রধানমন্ত্রী আমাকে কৃষক কার্ড দিবেন। আমি খুব খুশি ও আনন্দিত। আমি প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি এবং তার দীর্ঘায়ু কামনা করি।

কৃষকদের কল্যাণ ও উন্নয়নে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন এবং গুরুত্ব বিবেচনায় টাঙ্গাইল থেকেই কাজটি শুরু হচ্ছে। এটি ভালো লাগার বিষয় বলে জানান টাঙ্গাইলবাসি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram