ঢাকা
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:৩৭
logo
প্রকাশিত : এপ্রিল ১, ২০২৬

৯০ দিনে স্বর্ণের দাম রেকর্ড ৫০ বার সমন্বয়

চলতি বছর শুরু থেকেই দেশের স্বর্ণের বাজারে চলছে নজিরবিহীন অস্থিরতা। মাত্র ৯০ দিনে মূল্যবান এই ধাতুর দাম রেকর্ড ৫০ বার সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। কখনো আকাশচুম্বী দাম, আবার কখনো বড় পতনের মধ্য দিয়ে বছরের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ) পার করেছেন দেশের জুয়েলারি ব্যবসায়ী ও ক্রেতারা।

বাজুসের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত বছরের প্রথম তিন মাসে যেখানে মাত্র ১৭ বার দাম সমন্বয় করা হয়েছিল, সেখানে চলতি বছর তা বেড়ে দাঁড়িয়েছে ৫০-এ। এর মধ্যে ২৯ বার দাম বাড়ানো হয়েছে এবং ২১ বার কমানো হয়েছে। সব মিলিয়ে এই তিন মাসে ভরিতে নিট দাম বেড়েছে ২০ হাজার ৫২৯ টাকা।

বছরের শুরু হয়েছিল ১ জানুয়ারি ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা কমানোর মাধ্যমে। তবে সেই স্বস্তি স্থায়ী হয়নি। জানুয়ারিতেই দাম বেড়েছে টানা কয়েক দফা। বিশেষ করে ১০ থেকে ২১ জানুয়ারির মধ্যে টানা ৬ বার দাম বেড়ে ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকায় ঠেকে। ২৯ জানুয়ারি এক দিনেই রেকর্ড ১৬ হাজার ২১৩ টাকা দাম বাড়িয়ে দেশে স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ ২ লাখ ৮৬ হাজার ১ টাকায় নির্ধারণ করা হয়। যদিও পরের দুই দিনেই ৩০ হাজার ৩৮৪ টাকা কমিয়ে বড় চমক দেখায় বাজুস।

ফেব্রুয়ারি মাসেও এই ধারা অব্যাহত ছিল। ১৫ বার দাম সমন্বয়ের মধ্যে ৮ বার বেড়েছে এবং ৭ বার কমেছে। ৩ ফেব্রুয়ারি এক দিনেই দুই দফায় দাম বাড়ানো হয় ১৬ হাজার ৩৩০ টাকা। মাস শেষে ২৮ ফেব্রুয়ারি ২২ ক্যারেটের স্বর্ণের দাম দাঁড়ায় ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকায়।

মার্চ মাসে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে ১৬ বার। মাসের মাঝামাঝি সময়ে টানা সাত দফায় ৩৫ হাজার ৫৭৫ টাকা কমানোর ফলে দাম ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকায় নেমে আসে, যা ক্রেতাদের জন্য বড় স্বস্তি হয়ে এসেছিল। তবে মার্চ মাসের শেষ তিন দফায় ফের দাম বাড়তে শুরু করে। ৩১ মার্চের সর্বশেষ সমন্বয় অনুযায়ী, বর্তমানে দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকায় বিক্রি হচ্ছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram