ঢাকা
logo
প্রকাশিত : March 25, 2026

তেজগাঁও-মহাখালীতে পাম্প বন্ধ, বিজয় সরণিতে তেল নিতে দীর্ঘ লাইন

রাজধানীর তেজগাঁও ও মহাখালী এলাকার সকল পেট্রোল পাম্প বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল ও প্রাইভেটকার চালকেরা। ফলে বিকল্প হিসেবে বিজয় সরণি এলাকার ট্রাস্ট ফিলিং স্টেশনে তেল নিতে ভিড় জমিয়েছেন তারা। এতে ওই এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

বুধবার (২৪ মার্চ) সকাল থেকে তেজগাঁও, মহাখালী ও বিজয় সরণি এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, তেজগাঁও ও মহাখালী এলাকায় মোট ১২টি পেট্রোল পাম্প রয়েছে। এ পেট্রোল পাম্পগুলো সবগুলোই বুধবার বন্ধ দেখা গেছে। ফলে ট্রাস্ট ফিলিং স্টেশনে তেল নেওয়ার জন্য শত শত মোটরসাইকেল ও প্রাইভেটকার লাইনে দাঁড়িয়ে আছে। দীর্ঘ এই সারি জাহাঙ্গীর গেট পর্যন্ত পৌঁছে গেছে, যা সাধারণ মানুষের চলাচলেও বিঘ্ন সৃষ্টি করছে।

তেল নিতে আসা চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোর থেকে অপেক্ষা করেও অনেকেই তেল নিতে পারছেন না। কেউ কেউ দুই থেকে তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তারা।

হঠাৎ করে একাধিক পাম্প বন্ধ হয়ে যাওয়ায় এই এলাকায় চাপ বেড়ে গেছে। এতে শুধু যানবাহন চালকরাই নয়, সাধারণ পথচারীরাও ভোগান্তিতে পড়ছেন। দীর্ঘ যানজটের কারণে সড়কে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।

মোটরসাইকেল চালক রাশেদ বলেন, “সকাল ৭টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি। এখনো তেল পাইনি। অন্য পাম্পগুলো বন্ধ থাকায় এখানে চাপ তৈরি হয়েছে।”

আরেক প্রাইভেটকার চালক মাহবুব জানান, “গাড়িতে তেল প্রায় শেষ। বাধ্য হয়ে এখানে এসেছি। কিন্তু এত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা খুবই কষ্টকর। দ্রুত কোনো ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরো খারাপ হবে।”

এদিকে, তেল সরবরাহ সংকটের কারণে তেজগাঁও ও মহাখালী এলাকার পাম্পগুলো সাময়িকভাবে বন্ধ রয়েছে।

এ পরিস্থিতিতে দ্রুত তেল সরবরাহ স্বাভাবিক করা এবং বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে জানতে চাইলে ট্রাস্ট ফিলিং স্টেশনে পরিচালক মেজর আবু আল মাহমুদ তৌহিদ বলেন, “জ্বালানি তেলের সরবরাহ সীমিত রয়েছে। তবুও আমরা সর্বোচ্চ চেষ্টা করছি সাধারণ মানুষকে সেবা দিয়ে যেতে। তবে আমাদের সক্ষমতাও সীমিত। আমাদের পাম্পে তেল যতক্ষণ আছে আমরা বিতরণ করেই যাচ্ছি। প্রতিদিনই তেল শেষ হয়ে যাচ্ছে, আবার তেল আসছে। এভাবে আমরা তেল বিতরণ সেবা চালু রেখেছি।”

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram