ঢাকা
logo
প্রকাশিত : December 29, 2025

জোটের মেরুকরণে তোলপাড়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ ২৯ ডিসেম্বর। এই শেষ সময়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জোট বাঁধার সংবাদ। এর আগে ধানের শীষ প্রতীক পাওয়ার জন্য দল ত্যাগ করে বিএনপিতে যোগ দেওয়ার একাধিক ঘটনাও ঘটেছে। তবে জামায়াতের জোটে এনসিপির যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে দলটির মধ্যে যে আলোড়ন, তা অন্য দলের ক্ষেত্রে তেমন হয়নি।

জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করার আলোচনা শুরু হওয়ার পর থেকেই এনসিপিতে পদত্যাগের হিড়িক পড়ে। গতকাল রবিবার পর্যন্ত দলটির কেন্দ্রীয় পর্যায়ের চার নেতাসহ পাঁচজন পদত্যাগ করেছেন। আর পদত্যাগ না করলেও নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। এর আগে গতকাল দলটির যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন, খালেদ সাইফুল্লাহ ও ফেনী-৩ আসনের জন্য মনোনীত দলটির প্রার্থী আবুল কাশেম পদত্যাগ করেন।

এ ছাড়া জামায়াতের সঙ্গে আলোচনার পর থেকেই এনসিপির যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা পদত্যাগ করেন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আমাদের দেশে নির্বাচনের আগে এই ধরনের রাজনৈতিক মেরুকরণ অস্বাভাবিক কিছু নয়। আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে দলের লক্ষ্য-আদর্শের বাইরে নির্বাচনে জয়ী হওয়াটাই মুখ্য হয়ে ওঠে। তবে জামায়াতের নেতৃতাধীন জোটে যোগ দেওয়া নিয়ে এনসিপিতে যে ভাঙন, তা হতাশাজনক।

জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের এই দল যদি ভেঙে যায়, তাহলে আমাদের রাষ্ট্র সংস্কারের যে স্বপ্ন বা লক্ষ্যপূরণ নিয়ে আমরা আশাহত হব।

এনসিপিতেই ভিন্নমত : এনসিপির অনেক নেতা জামায়াতের রাজনৈতিক দর্শন ও অতীত আচরণ সমর্থন করেন না। গত ৯ অক্টোবর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁর ফেসবুক পোস্টে লেখেন, ‘জামায়াতের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না। তাদের রাজনৈতিক দর্শন ও অতীত আচরণ বাংলাদেশের স্বাধীনতা, মানচিত্র ও জাতীয় চেতনার পরিপন্থী। তারা যতবার ইতিহাসের মঞ্চে ফিরে আসতে চেয়েছে, ততবারই জনগণের অন্তর থেকে প্রতিধ্বনি উঠেছে।

দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন গতকাল তাঁর ফেসবুক পেজে লেখেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্ভরযোগ্য মিত্র না। তার রাজনৈতিক অবস্থান বা দর্শনসহ কোনো সহযোগিতা বা সমঝোতায় যাওয়ায় এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে বলে আমি মনে করি।’

জামায়াত জোটের সঙ্গে এনসিপির রাজনৈতিক জোট বা আসন সমঝোতার সম্ভাবনা নিয়ে আপত্তি জানিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে গত শনিবার চিঠি দেন দলটির কেন্দ্রীয় কমিটির ৩০ জন সদস্য। তার পরও বাস্তবতা হচ্ছে, জামায়াতে ইসলামীর সঙ্গেই জোট হতে যাচ্ছে এনসিপির। এ জোটে আরো থাকছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিস। লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও এবি পার্টির নামেও প্রচার রয়েছে।

বিএনপির সঙ্গে যাদের জোট : বিএনপির সমর্থন নিয়ে দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি ও গণঅধিকার পরিষদের নুরুল হক নুর। এর বাইরে বাকি যেসব দল বিএনপির সঙ্গে কয়েক বছর ধরে যুগপৎ আন্দোলনে সক্রিয় ছিল, তাদের মধ্যে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীক নিচ্ছেন। তিনি ২৪ ডিসেম্বর রাতে মির্জা ফখরুলের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম তাঁর প্রতিষ্ঠিত দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে লক্ষ্মীপুর-১ থেকে নির্বাচন করছেন। যদিও বাংলাদেশ এলডিপির একটি অংশ এখনো সক্রিয়। জাতীয় দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়ে কিশোরগঞ্জ থেকে নির্বাচন করছেন সৈয়দ এহসানুল হুদা। তাঁর পদত্যাগের পর ১২ দলীয় জোটও নিষ্ক্রিয় হয়ে পড়েছে। এই জোটের প্রধান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারকে পিরোজপুর-১ আসনে সমর্থন দিতে চেয়েছে বিএনপি; যদিও তিনি জানান, অসুস্থতাজনিত কারণে নির্বাচন করছেন না।

গত শনিবার দুপুরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সালাহউদ্দিন আহমদের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মো রাশেদ খান। তিনি ঝিনাইদহ-৪ (সদর ও কালীগঞ্জ) আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

গত ২৪ ডিসেম্বর গুলশানে সংবাদ সম্মেলনে কর্নেল (অব.) অলি আহমদের দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমেদ বিএনপিতে যোগ দেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কুমিল্লা-৭ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন। এই আসনে তিনি আগেও সংসদ সদস্য ছিলেন। বিএনপির সরকারে প্রতিমন্ত্রীও ছিলেন তিনি। তাঁর পদত্যাগের পর এলডিপি জানায়, তারা এককভাবে নির্বাচন করবে। যদিও প্রচার রয়েছে, এলডিপি জামায়াত জোটে যেতে চাইছে।

নড়াইল-২ আসনে প্রার্থী হবেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। এনপিপি নিবন্ধিত না হওয়ায় তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচনের জন্য ২৭২টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। অন্য ২৮টি আসন সমঝোতার মাধ্যমে শরিকদের দেওয়া হয়েছে। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে পাঁচটি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। আসন পাঁচটি হলো সিলেট-৫, ব্রাহ্মণবাড়িয়া-২, নীলফামারী-১, নারায়ণগঞ্জ-৪ ও যশোর-৫। দলটি তাদের নিজ প্রতীকে নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন মহাসচিব মাওলানা মুঞ্জুরুল ইসলাম আফেন্দী।

বিজেপির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ বিএনপি জোটে থেকে নির্বাচন করছেন নিজ দলের প্রতীকে ভোলা-১ আসন থেকে।

বিশেষজ্ঞরা যা বলছেন : রাজনৈতিক মেরুকরণের এই পরিস্থিতি সম্পর্কে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ড. আব্দুল আলীম গতকাল বলেন, ‘যেসব দল বিএনপি নেতৃত্বাধীন জোটে ছিল, সেসব দলের কয়েকজন নেতার বিএনপিতে চলে আসার মূল কারণ হচ্ছে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিওতে সংযোজিত নতুন একটি বিধান। এতে বলা হয়েছে, দলগুলো জোটবদ্ধ হয়ে নির্বাচন করলেও নিজ নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে। এটা নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনেরও সুপারিশ ছিল। তার কারণটাও আমরা আমাদের সংস্কার কমিশন থেকে অনেকবার বলেছি, ব্যাখ্যা দিয়েছি; যদিও বিএনপিসহ অনেক দল এই বিধানে সম্মত ছিল না। এই বিধানটা প্রভাব ফেলে ছোট দলগুলোর ওপর। তারা দল ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছে। এতে এ বিষয়টি পরিষ্কার হয় যে বাংলাদেশের ভোটারদের কাছে প্রতীকটা গুরুত্বপূর্ণ। তারা প্রতীক দেখে ভোট দেয়। দ্বিতীয়ত, ছোট ছোট অনেক দল, সব দলের কথা বলব না, কিছু দল জনগণের কাছে নিজেদের সেভাবে উপস্থাপন করতে পারেনি বা উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে। সে কারণে সেইসব দলের নেতারা বড় দলে যোগ দিয়ে সেই দলের প্রতীকে নির্বাচন করতে যাচ্ছেন নির্বাচনের জেতার জন্য।

‘এনসিপির বিষয়টা ভিন্ন। জামায়াতের নেতৃতাধীন জোটে যোগ দেওয়া নিয়ে দলটির যে ভাঙন, তা হতাশাজনক। জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের এই দল যদি ভেঙে যায়, তাহলে আমাদের রাষ্ট্র সংস্কারের যে স্বপ্ন বা লক্ষ্যপূরণ নিয়ে আমরা আশাহত হবো। আমরা যে তিমিরে ছিলাম, সেই তিমিরেই থাকব।’

দলের সব সদস্যের মতামত না নিয়ে এনসিপি জামায়াতের সঙ্গে কেন জোট করতে যাচ্ছে বলে আপনার মনে হয়—এ প্রশ্নে ড. আলীম বলেন, ‘প্রতীক তাদের সমস্যা না। নানা বিতর্কের মাধ্যমে শাপলাকলি যথেষ্ট পরিচিতি পেয়েছে। দলটিও পরিচিত। আমার ধারণা, জামায়াতের সঙ্গে জোট করলেও তারা নিজেদের প্রতীকেই ভোট করবে। এটাই তাদের করা উচিত। জোটে যোগ দেওয়ার কারণ হতে পারে, কিছু আসন নিজেদের জন্য সিকিউর করা।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন মনে করেন, আমাদের দেশে নির্বাচনের আগে এই ধরনের রাজনৈতিক মেরুকরণ অস্বাভাবিক কিছু নয়। আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে দলের লক্ষ্য-আদর্শের বাইরে নির্বাচনে জয়ী হওয়াটাই মুখ্য হয়ে ওঠে।

তিনি বলেন, ‘আগে থেকেই আভাস পাওয়া যাচ্ছিল, এনসিপি কোনো একটা জোটে যোগ দেবে। হয়তো বিএনপি অথবা জামায়াতের জোটে যোগ দেবে। অনেক দিন ধরেই এটা মনে হচ্ছিল। হয়তো দর-কষাকষির শেষ পর্যায়ে সুবিধাজনক মনে হওয়ায় জামায়াতের সঙ্গেই যাচ্ছে। জামায়াত হয়তো ওদের বেশি সুবিধা দিতে চেয়েছে। বিএনপি হয়তো অতটা ফ্লেক্সিবল ছিল না। আর এনসিপি তো মাত্র নতুন গঠিত হয়েছে। এই দলটি এককভাবে নির্বাচনে খুব ভালো করবে না, এটাই স্বাভাবিক। অভিজ্ঞতাও কম। এ জন্য প্রথম থেকেই আমরা মনে করছিলাম, ওরা কারো না কারো জোটের সঙ্গে যাবে। পরিশেষে সেটাই ঘটল।’

তিনি আরো বলেন, ‘নির্বাচন সামনে রেখে রাজনৈতিক মেরুকরণ বাংলাদেশে নতুন নয়। সব সময়ই হয়। দলের আদর্শ-উদ্দেশ্যের জন্য জোট করবে না, এমন অবস্থা তৃতীয় বিশ্বের রাজনৈতিক দলগুলোর মধ্যে তেমন দেখা যায় না। আদর্শের বাইরে নির্বাচনে জয় পাওয়াটাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram