

আসন্ন রমজান মাসে খেজুরের সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করেছে সরকার।
গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এই শুল্ক ছাড় কার্যকর থাকবে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত।
আজ বুধবার (২৪ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড থেকে এ তথ্য জানা গেছে।
এছাড়া, গত বাজেটে আমদানি পর্যায়ে অগ্রিম আয়কর সংক্রান্ত বিধিমালা সংশোধন করে খেজুরসহ সব ধরনের ফল আমদানির ওপর প্রযোজ্য অগ্রিম আয়কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।
খেজুর ও অন্যান্য ফল আমদানিতে গত বছর অগ্রিম আয়করে যে ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে তা এ বছরেও বহাল আছে।
