ঢাকা
logo
প্রকাশিত : November 8, 2026

ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের দায়িত্ব গাদি আইজেনকোটকে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। এর মধ্য দিয়ে সাবেক সেনাপ্রধানের প্রতিদ্বন্দ্বী ও বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শাসনের অবসান হতে চলেছে। প্রেসিডেন্টের মুখপাত্র জানিয়েছেন, শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় আইজেনকোটকে তার সিদ্ধান্তের কথা জানান হারজোগ। রোববার এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার হাতে সরকার গঠনের দায়িত্ব তুলে দেয়া হবে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনে কোনো পক্ষই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। এরপর সরকার গঠনের দায়িত্ব কাকে দেয়া হবে, তা নির্ধারণে চলতি সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেন ইসরায়েলি প্রেসিডেন্ট।

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের প্রায় ৬৭ জন সদস্য আইজেনকোটের পক্ষে সমর্থন জানিয়েছেন। আরব নেতৃত্বাধীন দলগুলোর সদস্যরাও তাদের মধ্যে রয়েছেন। আইজেনকোটের দল ইয়াশারের নেতা হিসেবে তিনি পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে, বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পক্ষে সমর্থন জানিয়েছেন মাত্র ৪৬ জন আইনপ্রণেতা।

সরকার গঠনের জন্য আইজেনকোট ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে এ সময় আরও ১৪ দিন বাড়ানো যেতে পারে। নেসেটের ১২০টি আসনের মধ্যে অন্তত ৬১টি আসনের সমর্থন নিয়ে জোট গঠন করতে হবে তাকে। সরকার গঠনের জন্য এটিই ন্যূনতম সংখ্যাগরিষ্ঠতা।

গেল মাসে নির্বাচনে আইজেনকোটের চার দলের জোট ৪৮টি আসন পেয়েছে। অন্যদিকে, নেতানিয়াহুর ডানপন্থি ও ধর্মীয় দলগুলোর জোট পায় ৫৩টি আসন। ফলে উভয় পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসন থেকে পিছিয়ে ছিল। ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী আরব নেতৃত্বাধীন দলগুলো রেকর্ড ১৯টি আসন পায় এই নির্বাচনে।

তবে আরব নেতৃত্বাধীন দলগুলোর সঙ্গে সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন আইজেনকোট। তাদের সমর্থন পেলে তার জোটের আসনসংখ্যা দাঁড়াবে ৬৭। অন্যদিকে, অতি-রক্ষণশীল আল্ট্রা-অর্থোডক্স দুটি দল ইউনাইটেড তোরাহ জুডাইজম ও শাসের সমর্থন পেলে তার আসনসংখ্যা হবে ঠিক ৬১। পার্লামেন্টে আস্থা ভোটে সমর্থন পেলে ৬১টির কম আসন নিয়েও সরকার গঠন করতে পারবেন তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram