ঢাকা
logo
প্রকাশিত : September 1, 2026

যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা স্থগিতাদেশ বাতিল

৭৫ দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়ার ওপর স্থগিতাদেশ তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন ফেডারেল আদালতের সাম্প্রতিক এক রায়ের পর এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া সাময়িকভাবে বন্ধ করেছিল। এসব ভিসা সাধারণত যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ তৈরি করে এবং পরবর্তী সময়ে গ্রিন কার্ড পাওয়ার পথ খুলে দেয়।

যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, যেসব আবেদনকারীর দেশটিতে গিয়ে সরকারি সহায়তার ওপর নির্ভর করার সম্ভাবনা বেশি, তাদের বিষয়ে অতিরিক্ত যাচাইয়ের অংশ হিসেবে এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

তবে নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল বিচারক জেনেট ভার্গাস এই নীতির বিরুদ্ধে রায় দেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বিরুদ্ধে মামলাটি করেছিল ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্ক।

আদালত বলেন, শুধু কোনো দেশের নাগরিক হওয়ার কারণে অভিবাসী ভিসা আটকে দেওয়া অভিবাসন ও জাতীয়তা আইনের অধীনে পররাষ্ট্রমন্ত্রীর ক্ষমতার সীমা ছাড়িয়ে গেছে।

আদালতের রায়ের পর গত ২১ আগস্ট থেকে অভিবাসী ভিসা দেওয়ার ওপর স্থগিতাদেশ আর কার্যকর নেই। ২৮ আগস্ট হালনাগাদ করা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর ফলে বাংলাদেশসহ ওই ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া আবার শুরু করা যাবে। তবে আবেদনকারীদের স্বাভাবিক ভিসা-সংক্রান্ত সব শর্ত পূরণ করতে হবে।

স্থগিতাদেশ চলাকালে যেসব ভিসা আগে থেকেই দেওয়া হয়েছিল, সেগুলো বাতিল করা হয়নি। একই সময়ে নতুন আবেদন জমা দেওয়া এবং সাক্ষাৎকারে অংশ নেওয়ার সুযোগও ছিল। মূলত ভিসা আবেদনের চূড়ান্ত পর্যায়ে ভিসা ইস্যু করার ওপরই স্থগিতাদেশটি কার্যকর ছিল।

এই নীতির আওতায় থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ ছাড়াও রয়েছে আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগুয়া ও বারবুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামাস, বার্বাডোস, বেলারুশ, বেলিজ, ভুটান, বসনিয়া ও হার্জেগোভিনা, ব্রাজিল, বার্মা (মিয়ানমার), কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, কোত দিভোয়ার (আইভরি কোস্ট), কিউবা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, ডোমিনিকা, মিশর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রেনাডা, গুয়াতেমালা, গিনি, হাইতি, ইরান, ইরাক, জ্যামাইকা, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, কিরগিজ প্রজাতন্ত্র, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টিনিগ্রো, মরক্কো, নেপাল, নিকারাগুয়া, নাইজেরিয়া, উত্তর ম্যাসেডোনিয়া, পাকিস্তান, কঙ্গো প্রজাতন্ত্র, রাশিয়া, রুয়ান্ডা, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, সেনেগাল, সিয়েরা লিওন সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, তানজানিয়া, থাইল্যান্ড, টোগো, তিউনিসিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান এবং ইয়েমেন।

এমএইচ

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram