

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে। সৌদি আরবে হুথিদের নতুন করে হামলার পর নিরাপত্তা উদ্বেগে দেশটিতে কয়েকটি স্থাপনা থেকে কূটনৈতিক কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১১০ ডলার ছাড়িয়েছে।
বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় রাত ১২টা ৩৪ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ২ শতাংশ বা ১ ডলার ২৯ সেন্ট বেড়ে প্রতি ব্যারেল ১১০ ডলার ১১ সেন্টে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ শতাংশ বা ৯৭ সেন্ট বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৯৮ ডলার ১২ সেন্টে দাঁড়ায়।
এর আগে বুধবারের লেনদেন শেষে ব্রেন্ট ক্রুডের দামে উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। তবে ওই দিন ডব্লিউটিআইয়ের দাম ব্যারেলপ্রতি ৬৭ সেন্ট কমেছিল।
এদিকে মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি কূটনৈতিক স্থাপনা থেকে কর্মীদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।
সৌদি আরবে হুথিদের হামলা এবং এর পরিপ্রেক্ষিতে মার্কিন কূটনৈতিক কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার উদ্যোগ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে। অঞ্চলটিতে অস্থিরতা অব্যাহত থাকায় আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারেও এর প্রভাব পড়ছে।
সূত্র: আল জাজিরা
