

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের চর চাকলা গ্রামে পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো—মাসুদের মেয়ে সুমাইয়া (১০) ও আরিবা (৮), নেজাম উদ্দীনের মেয়ে সুমাইয়া (১০) ও সুরাইয়া (৮) এবং শরিফুলের মেয়ে শরিফা (৮)।
স্থানীয় বাসিন্দা ওমর আলী জানান, জুমার নামাজের পর শিশুরা একসঙ্গে পানিতে গোসল করতে বা খেলতে যায়। এ সময় একজন পানিতে ডুবে গেলে অন্যরা তাকে উদ্ধারের চেষ্টা করে। একে একে পাঁচ শিশুই পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করেন।
স্থানীয় ইউপি সদস্য মজিবুর রহমান বলেন, আজ দুপুরে জুম্মার নামাজের সময় পানিতে ডুবে পাঁচজন শিশু মারা গেছে। দুইজনের চারটি মেয়ে। আরেকজনের একটি মেয়ে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, একসাথে ৫ জনের মৃত্যু হৃদয়বিদারক। তিনি আরো জানান, নৌ পুলিশ এসে আইনগত ব্যবস্থা নিবেন।
