

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের একটি ওরিয়েন্টেশন ও মতবিনিময় সভায় দাওয়াত না দেয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে হট্টগোল হয়েছে।
আজ বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউসে এই হট্টগোলের ঘটনা ঘটে। এসময় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে দাওয়াত না দেয়ার অভিযোগ তুলেন জেলা বিএনপি নেতারা। বিএনপি নেতাদের অভিযোগ, এর আগেও সরকারি যেকোন অনুষ্ঠানে তাদেরকে দাওয়াত দেয়া হয়নি। আজকেও এরই ধারাবাহিকতায় জেলা বিএনপির নেতাদের দাওয়াত দেয়নি জেলা প্রশাসন।
সার্কিট হাউসের করিডরে জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম এসব অভিযোগ দেয়ার সময় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের হাত ধরে সেখান থেকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, সাবেক এমপি ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ। এসময় বিএনপি নেতা হারুনুর রশীদ অনুষ্ঠানটি রাজনৈতিক নয় উল্লেখ করে জেলা বিএনপির সদস্য সচিবকে বেয়াদবী করা হচ্ছে বলে প্রতিমন্ত্রীকে টেনে আনার চেষ্টা করেন। এ ঘটনার পরিস্থিতি উত্তেজিত হয়। পরে প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো: সাদ্দাম হোসেন বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর শিক্ষনীয় অভাব আছে। উনি একটা জেলায় এসেছেন অথচ জেলার নেতৃবৃন্দদের অবগত করেননি। উনাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে কোন গ্রুপিং সৃষ্টি করতে না, শুধু চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্য করে এসেছেন লবিং গ্রুপিং সৃষ্টি করার জন্য।
উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ জাযেদুল ইসলাম যাহিদ বলেন, ডিসিকে বরখাস্ত করা হোক। এ হলো আওয়ামী লীগের দোসর। উনিই বিএনপিকে দ্বিখণ্ডিত করছেন। একজনের পাঁ চাঁটছেন আরেক জনকে উসকে দিচ্ছেন, এভাবেই আওয়ামী লীগের দোসর হয়ে বিএনপিকে ধ্বংস করছেন।
এ ব্যাপারে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম জানান, তিনি কারো সাথে ঝগড়া করতে নয় তিনি জেলা বিএনপিকে না জানানোর প্রতিবাদ করতে গেছিলেন। প্রতিমন্ত্রী তাদের দলীয় একজন ব্যক্তি হওয়ায় এবং জেলা বিএনপি’র কোন নেতাকে না জানানোই জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় আর এ কারণেই প্রতিমন্ত্রীকে বিষয়টি জানানো হয়। পরে প্রতিমন্ত্রী একসাথে দুপুরে খাবার খাওয়ার অনুরোধ জনান এবং প্রতিমন্ত্রী এর জন্য দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি হবে না বলে জানান।
জেলা বিএনপির সদস্য সচিব আরো বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ইচ্ছাকৃতভাবে তাদেরকে না জানিয়ে জামাতকে সঙ্গে নিয়ে অনুষ্ঠান পরিচালনা করেছে। প্রতিমন্ত্রী তাদের দলীয় লোক হওয়ায় অবশ্যই তার দলকে জানানো উচিত ছিল।
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, সাবেক এমপি ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ এবং জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গিকে একাধিকবার ফোন দেয়া হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে বুধবার (২৬ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহীদ সাটু হল অডিটোরিয়ামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি” শীর্ষক প্রকল্পের কার্যক্রম সম্পর্কে প্রধান শিক্ষকদের নিয়ে ওরিয়েন্টেশন এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
