ঢাকা
১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:২৩
logo
প্রকাশিত : জুলাই ১২, ২০২৬

মান্দায় এলজিইডির প্রকৌশলী আব্দুল কাদেরের বিরুদ্ধে শ্রমিকদের মানববন্ধন

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে দৈনিক মজুরিভিত্তিক লেবার কন্ট্রাক্টিং সোসাইটি (এলসিএস) শ্রমিক নিয়োগের বাছাই প্রক্রিয়ায় অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ তুলে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন আবেদনকারী সুবিধাবঞ্চিত নারীরা।

রোববার (১২ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার প্রসাদপুর বাজারের চৌরাস্তা মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে তাঁরা লটারি প্রক্রিয়া বাতিল ও পুনরায় স্বচ্ছভাবে বাছাইয়ের দাবিতে বিক্ষোভ মিছিল করেন।

মানববন্ধনে বক্তব্য দেন আলতা বানু, মৌসুমী আক্তার, নাসিমা বেগম, পিয়ারজান বিবি ও সুচনা রানীসহ কয়েকজন আবেদনকারী।

আবেদনকারী আলতা বানুর অভিযোগ, ‘লটারি অনুষ্ঠানের বিষয়ে আবেদনকারীদের কাউকে ব্যক্তিগতভাবে অবহিত করা হয়নি। তাঁদের অনুপস্থিতিতেই লটারি সম্পন্ন করা হয়েছে, যা পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। টাকা দিতে না পারায় লটারিতে আমার নাম তোলা হয়নি।’

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মৌসুমী আক্তার বলেন, গত বৃহস্পতিবার উপজেলা এলজিইডি কার্যালয় থেকে তাঁকে মুঠোফোনে জানানো হয়েছিল যে লটারিতে তাঁর নাম উঠেছে। কিন্তু পরে অফিসের নোটিশ বোর্ডে টানানো চূড়ান্ত তালিকায় তাঁর নাম পাওয়া যায়নি।

মৌসুমী আক্তার অভিযোগ করেন, ‘আমার কাছে টাকা চাওয়া হয়েছিল। টাকা দিতে পারিনি বলে তালিকা থেকে আমার নাম বাদ দেওয়া হয়েছে।’

আরেক আবেদনকারী নাসিমা বেগমের অভিযোগ, টাকার বিনিময়ে উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের তাঁর পছন্দের ব্যক্তিদের সুযোগ করে দিয়েছেন। তিনি বলেন, লটারির সময় স্থানীয় জনপ্রতিনিধি বা রাজনৈতিক ব্যক্তিদের উপস্থিতিও দেখা যায়নি।

উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, দৈনিক মজুরিভিত্তিক এলসিএস শ্রমিক হিসেবে নিয়োগের জন্য ১৩৭ জন নারী আবেদন করেন। যাচাইবাছাই শেষে ৫৪টি আবেদন বৈধ ঘোষণা করা হয়। গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাকক্ষে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ১৬ জনকে নির্বাচিত করা হয়।

তবে অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা এলজিইডির প্রকৌশলী আব্দুল কাদের। তিনি বলেন, অফিসের নোটিশ বোর্ডে প্রকাশিত তারিখ ও সময় অনুযায়ী যথাযথ নিয়মে লটারির কার্যক্রম সম্পন্ন হয়েছে। অনিয়ম বা অর্থ লেনদেনের অভিযোগ সঠিক নয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram