

মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধি: ২০০৬ সালের ২৮ অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ‘লগি বৈঠা আন্দোলন’ ও পল্টন ট্র্যাজেডি নামে পরিচিত রক্তক্ষয়ী ও সহিংস দিনের সাথে জড়িত সন্ত্রাসী ও খুনিদের বিচারের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট শহর ও সদর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবারবিকেলে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
শহর আমীর মাও: সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান সাঈদ।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম ও এস এম রাশেদুল আলম সবুজ, অফিস সেক্রেটারী মাও: আনোয়ার হোসেন, সদর উপজেলা আমীর মাও: এমরান হোসেন, নায়েবে আমীর মাও: শাহ আলম দেওয়ান, শহর সহকারী সেক্রেটারী ইঞ্জি: গোলাম মর্তুজা প্রমুখ।
এছাড়াও জেলার পাঁচ উপজেলায় পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা অংশ নেন। শ্লোগানে ২০০৬ সালের ২৮ অক্টোবরের সেই নৃশংস ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
