

যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে জে গ্রুপের প্রথম ম্যাচে দাপুটে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে আর্জেন্টিনা। আলজেরিয়াকে ৩–০ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের তিনটি গোলই করেন অধিনায়ক লিওনেল মেসি। ১৭, ৬০ ও ৭৬ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। তার অসাধারণ পারফরম্যান্সে উচ্ছ্বাসে ভাসেন গ্যালারিতে উপস্থিত আর্জেন্টাইন সমর্থকেরা।
সেই আনন্দের অংশীদার ছিলেন দেশের অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ এবং তার স্বামী অভিনেতা ফারুক সোবহান নাঈম।
তারা সরাসরি স্টেডিয়ামে বসে ম্যাচটি উপভোগ করেন এবং আর্জেন্টিনার প্রতিটি গোলেই উল্লাসে মেতে ওঠেন।ম্যাচ শেষে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ছবি ও ভিডিও প্রকাশ করেন নাদিয়া। সেখানে আর্জেন্টিনার জয়ের আনন্দ ভাগ করে নিয়ে তিনি লেখেন, ‘আমরা জয়ী, আর্জেন্টিনা দল।’
শেয়ার করা ছবিতে দেখা যায়, নাদিয়ার গায়ে আর্জেন্টিনার জার্সি, আর নাঈম পরেছেন দলের পতাকার রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে আকাশি রঙের টি-শার্ট।
দুজনকেই স্টেডিয়ামের গ্যালারিতে প্রাণভরে উদযাপন করতে দেখা যায়।প্রসঙ্গত, নাদিয়া আহমেদ ও ফারুক সোবহান নাঈম ২০১৬ সালের জানুয়ারিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তারা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত নিয়মিতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই তারকা দম্পতি।
