

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের উদ্দেশ্যে জেলা প্রশাসক আসমা শাহীন বলেছেন- ‘তৃণমুল পর্যায়ে জনগণের সাথে মিশে তাদের আশা আকাঙ্খা পূরণ করার জন্য আপনারাই একমাত্র মাধ্যম। এজন্য সরকার নির্ধারিত টিআর, কাবিখা, কাবিটা প্রকল্প বাস্তবায়নে কাজ করতে হবে। আমরা দুর্নীতি চাইনা, সততার সাথে কাজ করতে চাই।’
বৃহস্পতিবার সকালে উপজেলার মশিন্দা ইউনিয়ন পরিষদ হলরুমে অনুুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, ‘একটা সংস্থা যে প্রকল্প বাস্তবায়ন করেছে, আরেকটা সংস্থা থেকেও আবার একই প্রকল্প নেয়া হয়। এতে আমাদের অর্থের অপচয় হয়। সেদিকে খেয়াল রাখতে হবে। বর্তমান সরকারের অগ্রাধিকার প্রকল্পের খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচিসহ অন্যান্য প্রকল্পগুলো যথাযথ প্রতিপালনে মনোযোগ দিতে হবে।’

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ, ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী, মিজানুর রহমান সুজা, আব্দুল বারী, আব্দুল মতিন, মাহবুবুর রহমান, ইউপি সদস্যসহ নেতৃস্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন, ‘গুরুদাসপুরে চুরি-ডাকাতির কারণে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। সেদিকে গ্রাম পুলিশের ভূমিকা থাকতে হবে। গ্রাম পুলিশের উন্নয়নে যা কিছু প্রয়োজন দেয়ার চেষ্টা করব।’
মতবিনিময় ও বৃক্ষরোপণ শেষে ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস, কমিউনিটি ক্লিনিক, আশ্রয়ণ প্রকল্প, উপজেলা পরিষদ, পৌরসভা, থানাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন জেলা প্রশাসক।

