

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়ায় ব্যাটারিচালিত ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে রুপা আক্তার (২০) নামের এক মাদ্রাসা শিক্ষিকার মৃত্যু হয়েছে।আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সাটুরিয়া-চামুটিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
রুপা আক্তার উপজেলার সাটুরিয়া সদর ইউনিয়নের চামুটিয়া গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। তিনি স্থানীয় একটি ক্যাডেট মাদ্রাসায় শিক্ষকতা করতেন। তাঁর স্বামী সৌদি আরব প্রবাসী। ১৫ মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে তাঁর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে শিশুসন্তানের জন্য ওষুধ কিনে ব্যাটারিচালিত ভ্যানে করে বাড়ি ফিরছিলেন রুপা আক্তার। পথে তাঁর গলার ওড়না ভ্যানের চাকায় পেঁচিয়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

