

মোঃ জামিল হায়দার, নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গা উপজেলায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের পীরগাছা বাজারে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, মেসার্স আফরোজা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মুকুল হোসেনের কাছে মজুদ অবস্থায় ৫০০ লিটার ডিজেল ও ৫০০ লিটার পেট্রোল পাওয়া যায়। তদন্তে প্রমাণিত হয়, তিনি সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি বিক্রি করছিলেন। প্রতি লিটার ডিজেল ১২০ টাকা এবং পেট্রোল ১৪০ থেকে ১৫০ টাকা পর্যন্ত অতিরিক্ত দামে বিক্রির বিষয়টি নিশ্চিত হওয়ায় তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান।
অভিযান শেষে জব্দ করা ৫০০ লিটার পেট্রোল স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানের জিম্মায় দিয়ে সাধারণ মোটরসাইকেল চালকদের কাছে সরকারি মূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়। একইভাবে জব্দকৃত ৫০০ লিটার ডিজেল কৃষকদের মাঝে নির্ধারিত মূল্যে বিক্রির জন্য চেয়ারম্যানের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রশাসন জানিয়েছে, ভোক্তা স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
জ্বালানি তেলের মতো নিত্যপ্রয়োজনীয় খাতে অসাধু ব্যবসায়ীদের এমন তৎপরতা সাধারণ মানুষের ভোগান্তি বাড়ায়। নিয়মিত নজরদারি ও কঠোর শাস্তির মাধ্যমে বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা এখন সময়ের দাবি জানান বিভিন্ন মহল।

