

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি খালেদ বিন পার্থিব বাদী হয়ে মামলাটি দায়ের করেন।বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান।
মামলায় উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সজীব হোসেন, কলেজ শাখার সভাপতি মাহমুদ হাসান, সেক্রেটারি আসাদুল ইসলামসহ ৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে।এছাড়া অজ্ঞাত আরও ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
বাদী খালেদ বিন পার্থিব অভিযোগ করেন, ছাত্রশিবিরের নেতাকর্মীরা অস্ত্রসহ তাদের ওপর হামলা চালায়। এ সময় দলীয় নেতাকর্মীদের মারধর এবং একটি অফিসে ভাঙচুর করা হয়। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।
তবে এ বিষয়ে উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সজীব হোসেন ও কলেজ শাখার সভাপতি মাহমুদ হাসানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

