

বাংলাদেশ ও চীনের মধ্যে বাস্তবভিত্তিক সহযোগিতা স্থানীয় পর্যায়েও আরও জোরদার করা সম্ভব। কৃষি প্রযুক্তি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং জনগণের পারস্পরিক যোগাযোগের মতো ক্ষেত্রে আমরা উল্লেখযোগ্য সম্ভাবনা দেখতে পাচ্ছি বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ।
গতকাল শনিবার চীনের সিপিসি লু'আন পৌর কমিটির স্থায়ী কমিটির সদস্য ও লু'আন পৌর সরকারের ভাইস-মেয়র জনাব লি কিয়াং-এর বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি।
এদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে চীনের সিপিসি লু'আন পৌর কমিটির স্থায়ী কমিটির সদস্য ও লু'আন পৌর সরকারের ভাইস-মেয়র জনাব লি কিয়াং-এর গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সভায় চীনা পক্ষের হয়ে লু'আন পৌর সরকারের উপ-মহাসচিব ও পৌর সরকারি কার্যালয়ের (পৌরসভা পররাষ্ট্র বিষয়ক দপ্তর) পরিচালক জনাব লিউ ঝেংওয়াং এবং লু'আন পৌর গণসরকারের (পররাষ্ট্র) পূর্ণকালীন উপ-পরিচালক জনাব কিন ফেই উপস্থিত ছিলেন।
এর আগে চীন সফররত বিএনপির প্রতিনিধি দল চীনের বিখ্যাত চা কোম্পানি ‘গুয়াপিয়ান টি কোম্পানি লিমিটেড’ পরিদর্শন করে। এসময় তারা উক্ত কোম্পানির চা উৎপাদন, প্রসেসিং, আধুনিক প্রযুক্তির ব্যবহার, উচ্চমান নিয়ন্ত্রণ সংক্রান্ত নানা দিক পরিদর্শন করেন। উল্লেখ্য, গুয়াপিয়ান চা কোম্পানি চীনের সবচেয়ে বিখ্যাত ১০টি কোম্পানির মধ্যে একটি।
পরিদর্শন শেষে জনপ্রশাসন উপদেষ্টা বলেন, ‘এই অভিজ্ঞতা ছিল একই সঙ্গে জ্ঞানসমৃদ্ধ ও অনুপ্রেরণাদায়ক। চা চাষ, প্রক্রিয়াজাতকরণ এবং মান নিয়ন্ত্রণের সূক্ষ্ম ও যত্নশীল প্রক্রিয়া প্রত্যক্ষ করে লু’আনের খ্যাতনামা চা শিল্পের ঐতিহ্য ও উদ্ভাবনের প্রতি আমাদের উপলব্ধি আরও গভীর হয়েছে। এটি কেবল একটি কারখানা পরিদর্শন ছিল না; বরং এটি ছিল একটি শিক্ষণীয় অভিজ্ঞতা। আমরা প্রত্যক্ষ করেছি, কীভাবে ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে উৎকর্ষতা ও বৈশ্বিক প্রতিযোগিতায় সাফল্য অর্জন সম্ভব।’
তিনি বলেন, ‘কৃষিভিত্তিক অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশ কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, ভ্যালু চেইন উন্নয়ন এবং গ্রামীণ শিল্পায়নের মতো খাতে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের উল্লেখযোগ্য সম্ভাবনা দেখতে পাচ্ছে।’
বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের যে আস্থা, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার সম্পর্ক রয়েছে, এ ধরনের সফর সেই সম্পর্ককে নতুন মাত্রা প্রদান করবে বলেও মন্তব্য করেন তিনি।
পরিদর্শন শেষে বিএনপি’র প্রতিনিধি দল লু’আন শহরের মেয়রের আমন্ত্রণে আয়োজিত নৈশভোজে যোগদান করেন।
এর গত শুক্রবার, ১৭ এপ্রিল প্রতিনিধি দল চীনের বিখ্যাত জ্যাক মটরস কোম্পানির অফিস পরিদর্শন করেন। সেসময় University of Science and Technology of China পরিদর্শন করতে গেলে সেখানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে দেশের বর্তমান ও ভবিষ্যত প্রেক্ষাপট নিয়ে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেওয়া পরিকল্পনাগুলো তুলে ধরা হয়।
এ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘তারা আমাদেরকে পেয়ে অনেক অভিভূত এবং আনন্দিত হয়। তারা বলেছে, পড়াশোনা শেষে দেশে ফিরে জনগণের কল্যাণে কাজ করবে।’
উল্লেখ্য, চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে গত বৃহস্পতিবার, ১৬ এপ্রিল চীন পৌঁছায় বিএনপির ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল।
প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন জনাব ইসমাইল জবিউল্লাহ, সদস্য, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদ এবং মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা)।
এছাড়া প্রতিনিধি দলে এয়ার ভাইস মার্শাল জনাব আলতাফ হোসেন চৌধুরী এমপি ও ভাইস চেয়ারম্যান, বিএনপি, জনাব মোহাম্মদ শামসুজ্জামান দুদু, সাবেক এমপি ও ভাইস চেয়ারম্যান, বিএনপি, জনাব এস এম আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান, বিএনপি, জনাব খায়রুল কবির খোকন এমপি, যুগ্ম মহাসচিব, বিএনপি, জনাব হাবিব উন-নবী খান সোহেল, যুগ্ম মহাসচিব, বিএনপি, জনাব নজমুল হক নান্নু, সদস্য, বিএনপি চেয়ারম্যান এর উপদেষ্টা পরিষদ, মিস বেবি নাজনীন, সদস্য, বিএনপি চেয়ারম্যান এর উপদেষ্টা পরিষদ, জনাব আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, বিএনপি, জনাব ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, বিএনপি, জনাব মোস্তাফিজুর রহমান বাবুল এমপি ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ সম্পাদক, জনাব কামরুজ্জামান রতন এমপি ও সমাজকল্যাণ সম্পাদক, বিএনপি, নীলুফার চৌধুরী মনি, সাবেক সাংসদ ও সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক, বিএনপি, জনাব সায়েদ আল নোমান এমপি ও সভাপতি, বাংলাদেশ জুট ওয়ার্কার পার্টি, জনাব মনোয়ার হোসেন এমপি, মাগুড়া জেলা বিএনপির সদস্য সচিব, মিসেস সানজিদা ইসলাম, আহ্বায়ক, মায়ের ডাক, জনাব কামাল আনোয়ার আহমেদ, সাবেক যুগ্ম সম্পাদক, জাতীয়তাবাদী যুবদল, জনাব মো. আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদল এবং জনাব মীর সোলাইমান, সহকারী একান্ত সচিব, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা), জনপ্রশাসন মন্ত্রণালয় ও রিসার্চ এসোসিয়েট, বিএনআরসি (বিএনপি গবেষণা উইং) নেতৃবৃন্দ রয়েছেন।

