

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে এক মাদকাসক্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতের হাতে তুলে দিয়েছেন এক অসহায় মা। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি নিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকাসক্ত সোয়াইব হোসেন ব্রাইট (৩৭) কে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। এদিকে ছেলের কারাদন্ড হওয়ায় ভুক্তভোগী মা স্বস্তি প্রকাশ করেছেন।
জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টার দিকে ধামইরহাট পৌরসভার ফার্শিপাড়া মহল্লার বিধবা মা ফারহানা চৌধুরী তার মাদকাসক্ত পুত্র মো.সোয়াইব হোসেন ব্রাইট (৩৭) কে নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আসেন।
মাদকাসক্ত পুত্রকে বেঁচে থাকার জন্য জেলে পাঠানো ও অসহায় মা বাঁচার জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে আকুতি জানান। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত চক্রবতী থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদকাসক্ত ব্রাইট কে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এদিকে ছেলের কারাদন্ড হওয়ায় অসহায় মা ফারহানা চৌধুরী স্বস্তি প্রকাশ করেন।
