

ইলিয়াস কাঞ্চন, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর এক নেতার ওপর হামলার অভিযোগে একই ইউনিটের সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে মাধবপুর থানাধীন মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে অভিযান চালিয়ে বহরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন আলম রিপন (৩৮)–কে গ্রেফতার করে। তিনি ওই গ্রামের মো. আব্দুল মালেক মধুলালের পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় নির্বাচন পরিচালনা কমিটিতে নিজের লোক কম রাখার অভিযোগ তুলে দলবল নিয়ে বহরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ আলী শাহীন-এর ওপর হামলা চালানো হয়। এতে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় বৃহস্পতিবার সকালে আহত আমজাদ আলী শাহীনের ভাই ইলিয়াস মিয়া বাদী হয়ে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার নম্বর ১৭/২০২৬। মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত বিএনপি সভাপতিকে গ্রেফতার করে।
মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।

