

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে মাদক ও নিষিদ্ধ ওষুধসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও-৫০ বিজিবির একটি টহল দল এ অভিযান চালায়।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত মেইন পিলার ৩৮১ থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরে বালিয়াডাঙ্গী উপজেলার উদয়পুর মাহাতবস্তি এলাকায় টহল দল সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা তিনজনকে আটক করে। আটক তিনজনই বালিয়াডাঙ্গী উপজেলার বাসিন্দা।
আটক ব্যক্তিরা হলেন—বারসা গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মো. রেজাউল (৩২), পারোয়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে আলী হোসেন (৫০) এবং মোড়লবস্তি গ্রামের মৃত ছাবের আলীর ছেলে মো. হাকিম (২৪)। অভিযানে সাত পিস ইয়াবা, ৪০০ পিস নিষিদ্ধ ডেক্সামেথাসন ট্যাবলেট এবং দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বিজিবি জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মাদকদ্রব্য ও জব্দ করা মোটরসাইকেলসহ তাঁদের বালিয়াডাঙ্গী থানায় হস্তান্তর করা হয়েছে।
