ঢাকা
logo
প্রকাশিত : September 29, 2025

সমঝোতার পথে দুই পক্ষ

‘নাইন প্লাস থ্রি’ কিংবা ‘টেন প্লাস টু’! ক্যাটাগরি টুতে ঢাকার ক্লাব কোটায় ১২টি পরিচালক পদ সমঝোতার মাধ্যমে ভাগাভাগির এমন দুটি অঙ্কই এখন ক্রিকেটাঙ্গনে জোর আলোচনায়। এ কারণে কয়েক দিন আগে যুদ্ধংদেহি মনোভাব নিয়ে মুখোমুখি দুই পক্ষের উত্তেজনাও এখন অনেকটা স্তিমিত। প্রতিদিন দফায় দফায় হওয়া সভায় তামিম ইকবালপন্থী অংশ দুই কিংবা তিনটি পদ ছাড় দিতে রাজি হয়েছে বলে প্রচার আছে। অবশ্য আমিনুল ইসলামপন্থী অংশের বিরোধী শিবিরের রফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এর কিছুই স্বীকার করলেন না।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক এই যুগ্ম সম্পাদক গতকাল বিকেলে পরিচালক পদে নিজের মনোনয়নপত্র জমা দিয়ে এসে সংবাদমাধ্যমকে বলছিলেন, ‘প্রতিপক্ষ না থাকলে নির্বাচন জমে নাকি? আমরা চাই প্রতিদ্বন্দ্বিতা হোক।’

তাই বলে সমঝোতার সম্ভাবনা যে তিনি একদম উড়িয়ে দিয়েছেন, তা-ও নয়, ‘আরো তো কয়েক দিন সময় আছে। দেখা যাক না কী হয়!’ আজ মনোনয়নপত্র যাচাই-বাছাই করবে নির্বাচন কমিশন। আগামীকাল মনোনয়ন নিয়ে আপত্তি গ্রহণের পর হবে এর শুনানিও।

১ অক্টোবর মনোনয়ন প্রত্যাহার এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের আগে আলোচনায় চূড়ান্ত সমঝোতার দুয়ারও সব পক্ষই খোলা রেখেছে বলে জানা গেছে। ওদিকে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোর কাউন্সিলরের নাম নতুন করে পাঠানোর নির্দেশনা দিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলামের যে চিঠিকে ঘিরে দুই পক্ষ পাল্টাপাল্টি অবস্থান নিচ্ছিল, আদালতের আদেশে তা নিয়ে নতুন করে জল ঘোলা করারও সুযোগ নেই। আমিনুলের চিঠির কার্যকারিতা গত ২২ সেপ্টেম্বর স্থগিত করেছিলেন হাইকোর্ট। একই দিন ওই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

সেদিন আবেদনের শুনানি মুলতবি রেখে হাইকোর্টের আদেশ স্থগিত করে দেন আপিল বিভাগের চেম্বার আদালত। গতকাল এই স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয়েছে ৫ অক্টোবর পর্যন্ত। তাতে আপাতত নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন বিসিবির আইনজীবী মাহিন এম রহমান, ‘হাইকোর্টের আদেশে চেম্বার আদালতের দেওয়া স্থগিতাদেশের মেয়াদ আগামী ৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। এর ফলে বিসিবির নির্বাচনের যে কার্যক্রম চলছে, তা চলতে এবং নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা থাকছে না।’

৬ অক্টোবরের নির্বাচন সামনে রেখে ক্লাব কোটার ১২ পরিচালক পদের জন্য আগের দিন মনোনয়নপত্র কেনা ৩২ জনের মধ্যে তা জমা দিয়েছেন ৩০ জন।

জেলা ও বিভাগের ক্যাটাগরি-১-এর ১০ পরিচালক পদের ২৫ জন মনোনয়ন কিনলেও গতকাল জমা দিয়েছেন ১৮ জন। আর বিশ্ববিদ্যালয় ও সার্ভিসেসের জন্য ক্যাটাগরি-৩-এর একটি পরিচালক পদে মনোনয়ন কেনা তিনজনই গতকাল তা জমা দিয়েছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram