ঢাকা
logo
প্রকাশিত : August 27, 2025

বয়সসীমা না রেখেই বাফুফের গঠনতন্ত্রের খসড়া চূড়ান্ত

গঠনতন্ত্র সংশোধনের খসড়া চূড়ান্ত হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। যেখানে থাকছে না বয়সের কোনো বিধিনিষেধ। ২৫ বছরের বেশি বয়সি যে কোনো ব্যক্তি বাফুফের নির্বাচনে অংশ নিতে পারবেন।

তবে খসড়া গঠনতন্ত্রের ৩৭ অনুচ্ছেদে সেটা সর্বোচ্চ তিনবারের বেশি নয়-এমন বিধান রাখা হয়েছে। ফিফার গঠনতন্ত্রেও তিনবারের বেশি কোনো পদে থাকা যাবে না-এমন নিয়ম রয়েছে।

তবে সেখানে সভাপতি পদে খানিকটা শিথিলতা রয়েছে। কেউ দুই মেয়াদে সহ-সভাপতি বা সদস্য থাকলে পরবর্তী সময়ে সভাপতি নির্বাচিত হলে তিনি আরও দুইবার সভাপতি পদে নির্বাচন করতে পারবেন। অন্য পদের মেয়াদ গণ্য হবে না।

বাফুফের খসড়া গঠনতন্ত্রে সভাপতির এমন বিশেষ সুবিধা রাখা হয়নি। বাফুফের বর্তমান নির্বাহী কমিটির মধ্যে সত্যজিৎ দাশ রুপু সর্বোচ্চ পাঁচ (টানা), আমিরুল ইসলাম বাবু ও বিজন বড়ুয়া চার মেয়াদ, তাবিথ আউয়াল, ইকবাল হোসেন, মাহফুজা আক্তার কিরণ, জাকির হোসেন চৌধুরী টানা তিন মেয়াদে দায়িত্ব পালন করছেন।

নতুন গঠনতন্ত্র পাশ হলেও তারা পুনরায় নির্বাচন করার সুযোগ পাবেন। গঠনতন্ত্রের ৯১ অনুচ্ছেদে ট্রানজিশনাল প্রভিশনের ৪ ধারায় বলা হয়েছে, নতুন গঠনতন্ত্র পাশ হওয়ার পরবর্তী নির্বাচন থেকে মেয়াদ গণনা শুরু হবে।

বাফুফের বর্তমান গঠনতন্ত্রে নির্বাচন নিয়ে তেমন সুবিন্যস্ত ব্যাখ্যা নেই। তবে খসড়া গঠনতন্ত্রে ফিফা-এএফসির আদলে নির্বাচনব্যবস্থা একটু জটিল করা হয়েছে। সভাপতি, সহ-সভাপতি পদে নির্বাচন করতে হলে এখন দুজন সমর্থক কিংবা প্রস্তাবক হলেই হয়। খসড়ায় সেখানে কমপক্ষে পাঁচজনের সমর্থন প্রয়োজন। সদস্য পদের জন্য দুজনই বহাল আছে। সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি পদে সংখ্যাগরিষ্ঠ ভোট পেলেই নির্বাচিত হয়ে এসেছেন এতদিন।

এখন সেটা একটু কঠিন করা হয়েছে। এ পদগুলোয় নির্বাচিত হতে হলে কাস্টিং ভোটের ৫০ শতাংশ পেতে হবে। বাফুফের বিদ্যমান গঠনতন্ত্রে ২৫ বছরের কম এবং ৭২ বছরের বেশি হলে নির্বাচনে প্রার্থিতার অযোগ্যতা হিসাবে ধরা রয়েছে। ফিফার গঠনতন্ত্রেও ৭২ বছরের বেশি বয়সি ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারেন না। কিন্তু বাফুফের খসড়া গঠনতন্ত্রে বয়সের এই নিষেধাজ্ঞা নেই।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram