

নজরুল ইসলাম নাহিদ, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের ৪০ ঘন্টা পর বিজয় চন্দ্র কোচের লাশ বংশাই নদী থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার ভাটিতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিখোঁজ বিজয় চন্দ্র কোচ উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ধোপারচালা গ্রামের ফনিন্দ্র চন্দ্র কোচের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেল ৫টার দিকে পার্শ্ববর্তী কালিহাতী উপজেলার রতনগঞ্জ এলাকায় বংশাই নদীতে প্রতিমা বিসর্জন দিয়ে বিজয় চন্দ্রসহ প্রায় ২৫/৩০ জনের একটি দল ইঞ্জিন চালিত নৌকায় করে বাড়ি ফিরছিলেন। নৌকার ছাদে উচ্চস্বরে গান বাজিয়ে তাঁরা নাচানাচি করছিল বলে স্থানীয়রা জানিয়েছে। নৌকাটি বংশাই নদীর দুলশিমুল এলাকায় পৌঁছলে বিজয় চন্দ্র কোচ হঠাৎ নৌকা থেকে নদীতে পড়ে যান। এ সময় তিনি সাঁতরে তীরে ওঠার চেষ্টা করলে নদীপাড়ের ঝোপঝাড়ের কাছে গিয়ে হঠাৎ পানিতে ডুবে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
স্থানীয় বাসিন্দা জুবায়ের শিকদার বলেন, গত বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সখীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টাঙ্গাইল থেকে ডুবুরি এনে উদ্ধার অভিযান পরিচালনা করলেও সন্ধান পায়নি। পরে শুক্রবার খবর আসে বংশাই নদীর দাড়িয়াপুর এলাকায় বিজয় চন্দ্রের লাশ ভেঁসে উঠেছে।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
