ঢাকা
logo
প্রকাশিত : October 23, 2026

জরাজীর্ণ বাবুগঞ্জ থানা ভবন, ঝুঁকি নিয়ে চলছে পুলিশি কার্যক্রম

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ থানা ভবন দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। মূল ভবনের বিভিন্ন স্থানের পলেস্তারা খসে পড়েছে। কর্মকর্তাদের আবাসিক কোয়ার্টারের দরজা-জানালা ভাঙা এবং পুকুরঘাটের অবকাঠামোও নষ্ট হয়ে গেছে। এতে থানার কর্মপরিবেশ ও পুলিশ সদস্যদের আবাসন নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এ অবস্থায় জরাজীর্ণ অবকাঠামো সংস্কার কিংবা নতুন আধুনিক থানা ভবন নির্মাণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তথ্য সূত্রে জানা যায়, ২০০১ সালের ৪ জুলাই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আলহাজ মোহাম্মদ নাসিম বাবুগঞ্জ থানা ভবনটি উদ্বোধন করেন। দুই দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও ভবনটির আধুনিকায়ন ও প্রয়োজনীয় সংস্কারের বিষয়টি এখনো গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে।

সরেজমিনে দেখা যায়, থানার মূল ভবনের বাইরের দেয়ালের বিভিন্ন স্থানের পলেস্তারা খসে পড়েছে। ভবনের কিছু অংশে পুরোনো অবকাঠামোর ক্ষয় স্পষ্ট। কর্মকর্তাদের আবাসিক কোয়ার্টারের দরজা-জানালার অবস্থাও নাজুক। আবাসিক ভবনের ভেতরের পরিবেশসহ বিভিন্ন অংশ সংস্কারের প্রয়োজন রয়েছে। অন্যদিকে, থানার পুকুরঘাটের ওপর নির্মিত স্থাপনার টিনের কিছু অংশ ভেঙে পড়েছে। সংশ্লিষ্ট অবকাঠামোরও বেহাল দশা।

আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং সাধারণ মানুষকে পুলিশি সেবা দিতে থানার নিরাপদ ও উপযোগী অবকাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে পুরোনো ভবনের বিভিন্ন অংশের বেহাল অবস্থা পুলিশ সদস্যদের কর্মপরিবেশ ও আবাসন সুবিধা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান হাওলাদার বলেন, পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের উপযোগী কর্মপরিবেশ এবং আবাসন সুবিধা নিশ্চিত করা প্রয়োজন। একটি আধুনিক থানা ভবন নির্মিত হলে পুলিশি কার্যক্রম পরিচালনা আরও সহজ হবে এবং সাধারণ মানুষকে উন্নত সেবা দেওয়া সম্ভব হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় উদ্যোগ প্রত্যাশা করছি।

স্থানীয়দের মতে, সময়ের সঙ্গে জনসংখ্যা ও আইনশৃঙ্খলা রক্ষার চাহিদা বেড়েছে। সেই বিবেচনায় বাবুগঞ্জ থানার অবকাঠামো আধুনিকায়ন করা প্রয়োজন। শুধু সাময়িক সংস্কার নয়, ভবনের সার্বিক অবস্থা মূল্যায়ন করে নতুন থানা ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হলে পুলিশ সদস্যদের কর্মপরিবেশ উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের সেবাও আরও সহজ হবে।

এ বিষয়ে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, বাবুগঞ্জে একটি আধুনিক ও সুপরিকল্পিত থানা ভবন নির্মাণের প্রস্তাব ইতোমধ্যে পাঠানো হয়েছে। আশা করছি, অচিরেই বাবুগঞ্জে নতুন থানা ভবন নির্মাণ করা হবে। এতে পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে।

দীর্ঘদিনের জরাজীর্ণ অবকাঠামোর পরিবর্তে আধুনিক ও নিরাপদ থানা ভবন নির্মাণের মাধ্যমে পুলিশ সদস্যদের কর্মপরিবেশ উন্নয়ন এবং জনসাধারণের জন্য মানসম্মত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ চান স্থানীয়রা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram