ঢাকা
logo
প্রকাশিত : July 23, 2025

বিদায়ী ম্যাচেও বিধ্বংসী আন্দ্রে রাসেল, পেলেন গার্ড অফ অনার

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি–টোয়েন্টি ম্যাচ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেষবার মাঠে নামলেন আন্দ্রে রাসেল। তার বিদায়ী ম্যাচে সতীর্থদের পাশাপাশি প্রতিপক্ষ খেলোয়াড়রাও ‘গার্ড অব অনার’ দিয়ে জানালেন শ্রদ্ধা। গ্যালারিভর্তি দর্শক তখন করতালিতে ভাসাচ্ছে এই ক্যারিবিয়ান মহাতারকাকে।

৩৭ বছর বয়সী এই জ্যামাইকান অলরাউন্ডার তার বিদায়ী ইনিংসেও দেখালেন নিজস্ব স্টাইল। মাত্র ১৫ বলে ৩৬ রান করলেন তিনি। চারটি ছক্কা ও দুটি চার হাঁকিয়ে তার স্ট্রাইক রেট দাঁড়ায় ২৪০। রাসেলের এমন ইনিংসে ভর করেই ওয়েস্ট ইন্ডিজ তোলে ১৭২ রান, যদিও ৮ উইকেট হারাতে হয় তাদের।

তবে ম্যাচের ফলাফলের চেয়েও আলোচনায় ছিল রাসেলের বিদায়। অস্ট্রেলিয়া ম্যাচের আগে সিরিজ শুরু হওয়ার আগেই তিনি জানিয়ে দিয়েছিলেন, এটিই তার শেষ আন্তর্জাতিক সিরিজ।

ম্যাচ শুরুর আগে টস জিতে ফিল্ডিং নেয় অস্ট্রেলিয়া। মাঠে সবাই জানত, আজকের ম্যাচেই শেষবারের মতো ক্যারিবিয়ান জার্সিতে দেখা যাবে রাসেলকে।

বিদায়বার্তায় রাসেল বলেন, ‘কী বলব, বুঝতে পারছি না। ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলাটা ছিল আমার জীবনের অন্যতম গর্বের মুহূর্ত। আমি চেয়েছিলাম মেরুন জার্সিতে নিজের ছাপ রেখে যেতে। যেন আমি অন্যদের অনুপ্রেরণা হতে পারি। আমি ঘরের মাঠে, পরিবারের সামনে খেলতে ভালোবাসি… আমি চেয়েছিলাম আন্তর্জাতিক ক্যারিয়ারটা যেন উচ্চতায় শেষ করতে পারি, যেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য রোল মডেল হতে পারি।’

আন্তর্জাতিক ক্রিকেটে রাসেল খেলেছেন ১৪৩টি ম্যাচ। এর মধ্যে রয়েছে ৮৬টি টি–টোয়েন্টি, ৫৬টি ওয়ানডে ও একটি টেস্ট ম্যাচ। ২০১২ ও ২০১৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।

ম্যাচ শেষে যখন রাসেল মাঠ ছাড়ছিলেন, তখন সতীর্থরা দুই পাশে লাইন করে দাঁড়িয়ে সম্মান জানান তাকে। এমন সম্মানজনক বিদায় পেয়েই মাঠ ছেড়েছেন এই তারকা, যিনি পুরো এক যুগ ওয়েস্ট ইন্ডিজের টি–টোয়েন্টি ক্রিকেটকে নেতৃত্ব দিয়েছেন তার ব্যাটে-বলে, সাহস আর চরিত্রে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram