

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ১০ বছর বয়সেই হৃদরোগে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে শিশু শিফাত উল্লাহ। তার হৃদপিণ্ডে দুটি ছিদ্র ধরা পড়েছে। চিকিৎসকরা দ্রুত অপারেশনের পরামর্শ দিয়েছেন। এ জন্য প্রয়োজন প্রায় ৭ লাখ টাকা। কিন্তু দরিদ্র দিনমজুর বাবার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়।
শিফাত উল্লাহ ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার খোন্দকবাড়িয়া গ্রামের ওলিউর রহমানের ছেলে। পরিবারের একমাত্র সম্বল বলতে বাড়িতে থাকা চার শতক জমি ছাড়া আর কিছুই নেই। বাবা ওলিউর রহমান দিনমজুরের কাজ করে কোনোভাবে সংসার চালান। তার নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থায় সন্তানের চিকিৎসার ব্যয় বহন করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।
ওলিউর রহমান জানান, তার ছেলে শিফাতের হৃদপিণ্ডে দুটি ছিদ্র রয়েছে। চিকিৎসকরা বলেছে তাকে দ্রুত অপারেশন করার। কিন্তু অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। তাই সন্তানকে বাঁচাতে তিনি সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে সহযোগিতার হাত বাড়িয়েছেন। শিফাতের বাবার মোবাইল নম্বর ০১৯১৮৮৮৩৯৪২।
