

নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ফার্মাসিউটিক্যাল ক্লাব, ডিপার্টমেন্ট অব ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস-এর যৌথ উদ্যোগে ১৩তম মৌসুমের ‘এনএসইউ ফার্মাফেস্ট ২০২৬’ সফলভাবে আয়োজন করেছে। ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস (আইসিপিএস ২০২৬) এবং বিভাগের ২০ বছর পূর্তি উদ্যাপনের অংশ হিসেবে আয়োজিত এই উৎসব শিক্ষা, প্রতিযোগিতা, সৃজনশীলতা ও ফার্মাসিউটিক্যাল শিল্পে টেকসই উদ্যোগের এক অপূর্ব মেলবন্ধন ঘটায়। মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালয়-এর ফার্মেসি অনুষদের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলন "Innovations in Pharmaceutical Sciences" থিমের অধীনে আন্তর্জাতিক পর্যায়ের একটি বিদ্যায়োতনিক প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা পালন করে।
"Sustainability" মূল প্রতিপাদ্য এবং "Conserve Today, Thrive Tomorrow" স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত ফার্মাফেস্ট ২০২৬ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটায়। উৎসবজুড়ে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক ও অলিম্পিয়াড প্রতিযোগিতা, পোস্টার প্রেজেন্টেশন, স্টল প্রদর্শনী, প্রাণবন্ত 'ফার্মা ওয়াক' এবং এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়, যেখানে জনপ্রিয় শিল্পী প্রীতম হাসানের পারফর্ম্যান্স বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিল। প্রতিযোগিতামূলক ইভেন্টগুলোর মধ্যে ১৬টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় প্রথম রানার-আপ এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে।
অপরদিকে, ১৩টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজিত ফার্মা অলিম্পিয়াডে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন ও প্রথম রানার-আপ দুটি স্থানই অর্জন করে এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দ্বিতীয় রানার-আপ স্থান লাভ করে।
উৎসব ও আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানটি ১২ অক্টোবর ২০২৬ তারিখে এক আড়ম্বরপূর্ণ সমাপনী পর্বের মাধ্যমে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন দেশের শীর্ষস্থানীয় শিক্ষাবিদ, শিল্প বিশেষজ্ঞ এবং বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারকগণ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য ও মূল ভাষণ প্রদান করেন কনফারেন্স চেয়ার ও এনএসইউ ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ হুসেন শাহরিয়ার, পিএইচডি। এরপর বক্তব্য রাখেন কনফারেন্স কো-চেয়ার ও মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালয়-এর ফার্মেসি অনুষদের ডিন ড. নুসায়বাহ আব্দুল রহিম এবং বিশেষ অতিথি এনএসইউ স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস-এর ডিন প্রফেসর ড. দীপক কুমার মিত্র। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি এনএসইউ-এর প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর নাসার ইউ. আহমেদ, এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান শ্রী অজিজ আল কায়সার (টিটো) এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি-র চিফ অপারেটিং অফিসার জনাব রাব্বুর রেজা।
অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে অধিবেশন সভাপতি ও প্রধান অতিথি এনএসইউ-এর ভাইস চ্যান্সেলর প্রফেসর আব্দুল হান্নান চৌধুরী বক্তব্য প্রদান করেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন এনএসইউ ফার্মাসিউটিক্যাল ক্লাবের ফ্যাকাল্টি এডভাইজর জনাব আদিত মুক্তাদির। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের পর প্রার্থনা বিরতি এবং মনমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সমাপনী অনুষ্ঠানটি শেষ হয়।
আইসিপিএস ২০২৬-এর টাইটেল স্পন্সর ছিল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি। এ ছাড়া ফার্মাফেস্ট ২০২৬-এর টাইটেল স্পন্সর হিসেবে দ্য সিটি ব্যাংক পিএলসি এবং কো-স্পন্সর হিসেবে জিহো সিএফমোটো যুক্ত ছিল। প্ল্যাটিনাম স্পন্সর হিসেবে বেক্সিমকো, ডায়মন্ড স্পন্সর হিসেবে এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লি., বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লি. সহায়তা প্রদান করে। অলিম্পিয়াড স্পন্সর হিসেবে রেনাটা পিএলসি এবং বিতর্ক প্রতিযোগিতার স্পন্সর হিসেবে ডিবিএল ফার্মা যুক্ত ছিল। এ ছাড়া গোল্ড স্পন্সর হিসেবে ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস ও স্টাডি নেট এবং সিলভার স্পন্সর হিসেবে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, অ্যাপেক্স ফার্মা লি., স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এবং রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড বিশেষ ভূমিকা পালন করে।
