ঢাকা
৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:৪৭
logo
প্রকাশিত : জুলাই ৪, ২০২৬

বক্স অফিসে ব্যর্থ, ইউটিউবে ইতিহাস: নীরবতা ভাঙলেন ‘খুনখার’ সিনেমার নায়ক

তেলেগু ভাষার আলোচিত সিনেমা ‘জয়া জানাকি নায়াকা’। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন বেলামকোন্দা শ্রীনিবাস ও রাকুল প্রীত সিং। রোমান্টিক-অ্যাকশন-ড্রামা ঘরানার এ সিনেমা হিন্দি ভাষায় ডাবিং করে ‘খুনখার’ শিরোনামে মুক্তি দেওয়া হয়। তবে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সিনেমাটির উভয় ভার্সনই।

কয়েক বছর আগে সিনেমাটির বিভিন্ন দৃশ্যের ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। রীতিমতো আলোচনায় চলে আসে সিনেমাটি। ভারতের পাশাপাশি বাংলাদেশেও সিনেমাটির বিভিন্ন দৃশ্যের ক্লিপ ছড়িয়ে পড়ে। নেটিজেনদের প্রশংসাও কুড়ায় এটি।

‘জয়া জানাকি নায়াকা’ সিনেমার হিন্দি সংস্করণ ইউটিউবে ইতিহাস গড়েছে। কারণ এটি ১০০ কোটির বেশি ভিউয়ের মাইলফলক অর্জন করেছে; ইউটিউবে আপলোড করা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রগুলোর মধ্যে এটি প্রথম এই রেকর্ড গড়েছে। এই সাফল্য ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে সিনেমাটির জনপ্রিয়তা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভ্যারাইটি ইন্ডিয়াকে সাক্ষাৎকার দিয়েছেন সিনেমাটির নায়ক বেলামকোন্দা শ্রীনিবাস।

এ আলাপচারিতায় বেলামকোন্দার কাছে জানতে চাওয়া হয়, ‘খুনখার’ (জয়া জানাকি নায়াকা) সিনেমা এত জনপ্রিয় হওয়ার কারণ কী বলে মনে করেন? জবাবে বেলামকোন্দা শ্রীনিবাস বলেন, “সিনেমাটির গল্পে পারিবারিক আবেগ, অ্যাকশন দৃশ্য দর্শকদের সঙ্গে গভীরভাবে সংযোগ তৈরি করেছে। পারিবারিক দৃশ্যগুলো ভারতীয় সংস্কৃতির মূল আবেগের প্রতিচ্ছবি। বাংলাদেশ, শ্রীলঙ্কাসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের অনেক মানুষের সঙ্গে দেখা করেছি। তারা আমাকে বলেছেন, ‘বাবা-ছেলের সম্পর্কের দৃশ্য, ভালোবাসার মানুষের জন্য একজন পুরুষ সবকিছু করতে প্রস্তুত, যদি সেই নারী বিবাহিতও হন—এই বিষয়গুলো তাদের গভীরভাবে স্পর্শ করেছে।’ সম্পর্ক শেষ হয়ে গেলেও ভালোবাসা মরে না—এই অনুভূতিটা তারা উপলব্ধি করতে পেরেছেন। এমনকি, নিজেদের সঙ্গে যুক্ত করতে পেরেছেন। আজও অনেক মানুষ তাদের প্রাক্তনের সঙ্গে বন্ধুত্ব বজায় রেখেছেন। কারণ কোথাও না কোথাও আবেগ থেকে যায়। আমার মনে হয়, এই বিষয়গুলো সিনেমাটির জনপ্রিয়তার ক্ষেত্রে দারুণ কাজ করেছে।”

তাহলে ‘জয়া জানাকি নায়াকা’ মুক্তির পর প্রত্যাশিত সাফল্য কেন পায়নি? এ প্রশ্নের উত্তরে বেলামকোন্দা শ্রীনিবাস বলেন, “এটি ছিল আমার তৃতীয় সিনেমা। ২০১৭ সালের ১১ আগস্ট একই দিনে আরো চারটি তেলেগু সিনেমা মুক্তি পেয়েছিল। ফলে আমাদের সিনেমাটি পর্যাপ্ত সংখ্যক প্রেক্ষাগৃহ পায়নি। তাছাড়া আরো কিছু বিষয়ও ঘটেছিল। তবে সেসব এখন অতীত। শুধু এটুকুই বলব, ‘দুর্ভাগ্যজনকভাবে আমাদের ইন্ডাস্ট্রিতে মাঝে মাঝে ভালো কোনো সিনেমা এলেও প্রভাবশালী কিছু মানুষের কারণে সেটি ক্ষতিগ্রস্ত হয়।’ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করেছিলাম, সিনেমাটি দারুণ ব্যবসা করবে।”

এই ব্যর্থতা কীভাবে সামলেছিলেন? জবাবে বেলামকোন্দা শ্রীনিবাস বলেন, “আমি ভীষণ ভেঙে পড়েছিলাম, আমার মধ্যে এর প্রভাব দীর্ঘদিন ছিল। সিনেমাটির জন্য আমি খুব পরিশ্রম করেছিলাম এবং সফল হওয়ার ব্যাপারে অনেক আশাবাদী ছিলাম। হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে কিছুটা সময় লেগেছিল। সৌভাগ্যবশত, আমার হাতে তখন ‘সাকশম’ নামে আরেকটি সিনেমার কাজ ছিল। ২০১৮ সালে মুক্তি পায় এটি। এ সিনেমা আমাকে নতুন করে কাজ করার অনুপ্রেরণা জোগায়।”

‘জয়া জানাকি নায়াকা’ সিনেমার এই অসাধারণ সাফল্যে ইন্ডাস্ট্রির প্রতিক্রিয়া কী? বেলামকোন্দা শ্রীনিবাস বলেন, “অনেক প্রযোজক ও পরিচালক আমাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। আমার এই সাফল্যে এখন সবাই খুব আনন্দিত।”

এই সাফল্য কীভাবে উদযাপন করবেন? জবাবে বেলামকোন্দা শ্রীনিবাস বলেন, “এই সাফল্য কীভাবে উদযাপন করা যায়, সে বিষয়ে প্রযোজক, সিনেমাটির কলাকুশলীদের সঙ্গে আলোচনা করছি। বিষয়টি এত বড় হয়ে গেছে যে, কীভাবে এটি উদযাপন করব তা ঠিক করতে পারছি না। এটি এমন একটি অর্জন, যা পুরো ভারতেরই উদযাপন করা উচিত। আমাকে বলা হয়েছে—‘আড়াই ঘণ্টার পূর্ণদৈর্ঘ্য কোনো চলচ্চিত্র প্রথমবারের মতো ইউটিউবে এই মাইলফলক স্পর্শ করেছে’।”

বোয়াপতি শ্রীনু পরিচালিত ‘জয়া জানাকি নায়াকা’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—জগন্নাত বাবু, শরৎ কুমার, সুমন, জয়াপ্রকাশ, শশাঙ্ক, তরুণ আরোরা প্রমুখ। ৪০-৪২ কোটি রুপি ব্যয়ে নির্মিত সিনেমাটি প্রযোজনা করেন মিরিয়ালা রবীন্দ্র রেড্ডি।

এক যুগের অভিনয় ক্যারিয়ারে ১২টি সিনেমায় অভিনয় করেছেন বেলামকোন্দা শ্রীনিবাস। ২০২৩ সালে ‘ছত্রপতি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তার। বর্তমানে তার হাতে ‘টাইসন নাইডু’, ‘হিনদাবা’ নামে দুটো সিনেমার কাজ রয়েছে। ‘হিনদাবা’ সিনেমার ২৫ দিনের শুটিং এখনো বাকি আছে। আগামী অক্টোবর-নভেম্বরে এটি মুক্তির পরিকল্পনা রয়েছে। তাছাড়া নাম চূড়ান্ত না হওয়া আরেকটি সিনেমার কাজও বেলামকোন্দার হাতে আছে।

*ভ্যারাইটি ইন্ডিয়া অবলম্বনে

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram