

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে নয় বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে গরম বৈদ্যুতিক আয়রন দিয়ে শরীরে ছ্যাঁকা দেয়ার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক রাব্বি হোসেন মোস্তাকিমকে (২৪) গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শিশুটির মা বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় মামলা করেছেন।
অভিযুক্ত রাব্বি হোসেন মোস্তাকিম কিশোরগঞ্জের হোসেনপুর থানার আড়াইবাড়িয়া এলাকার কবির হোসেনের ছেলে। তিনি টঙ্গী বাজারের নোয়াখালী পট্টি এলাকার মিফতাহুল উলুম মাদ্রাসার শিক্ষক। ভুক্তভোগী শিশু উসমান গণি নাঈম (৯) ওই মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী। সে প্রথম শ্রেণিতে পড়াশোনা করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর রাত ১০টার দিকে ঘুমানোর নির্ধারিত সময়ে কয়েকজন শিক্ষার্থী খেলাধুলা ও হট্টগোল করছিল। এ সময় শিক্ষক রাব্বি হোসেন বিরক্ত হয়ে নাঈমসহ তার সহপাঠীদের নিজের কক্ষে ডেকে নেন। তখন তিনি কাপড় ইস্ত্রি করছিলেন। একপর্যায়ে হাতে থাকা গরম আয়রন দিয়ে শিশুদের শরীরে ছ্যাঁকা দেন। নাঈমের পায়জামার ওপর দিয়ে কোমর ও দুই পায়ের সংযোগস্থল তথা নিতম্বে জোরপূর্বক ছ্যাঁকা দিলে তার নরম চামড়া জ্বলসে যায়।
এজাহারে আরও বলা হয়, ঘটনার পর বিষয়টি কাউকে না জানাতে শিশুটিসহ অন্য শিক্ষার্থীদের ভয়ভীতি দেখান অভিযুক্ত শিক্ষক। পরদিন ৫ নভেম্বর রাতে মায়ের সঙ্গে দেখা হলে কান্নাকাটি করে পুরো ঘটনা খুলে বলে শিশুটি। পরে শিশুটিকে উদ্ধার করে টঙ্গী সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার পর অভিযুক্ত শিক্ষক মাদ্রাসা থেকে পালিয়ে যান।
পরে গত ৮ নভেম্বর বিকেলে স্থানীয়রা আপস-মীমাংসার কথা বলে কৌশলে ওই শিক্ষককে মাদ্রাসায় নিয়ে আসেন। এরপর তাঁকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।
তবে মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, শাস্তি দেওয়ার উদ্দেশ্যে শিশুটিকে ছ্যাঁকা দেওয়া হয়নি। শিশুরা খেলাধুলার সময় অসাবধানতাবশত গরম ইস্ত্রির ওপর পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, এ ঘটনায় শিশুটির পরিবার মামলা করেছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
