

মোহাম্মদ ইব্রাহিম, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অর্থনীতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানিয়া আক্তারের বাবা মো. হাবিবুর রহমান হত্যাকাণ্ডের প্রায় তিন সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো বিচার না পাওয়ার অভিযোগ করেছে তাঁর পরিবার।
এ ঘটনায় নিহতের স্ত্রী রাশেদা বেগম বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলা করলেও এখন পর্যন্ত পোস্টমর্টেম রিপোর্ট এবং আসামি গ্রেপ্তার হয়নি বলে দাবি পরিবারের। এ অবস্থায় বাবার হত্যার বিচার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতা চেয়েছেন তানিয়া।
নিহত মো. হাবিবুর রহমান (৬৯) জামালপুর সদর উপজেলার রায়েরচর মোল্লাপাড়া এলাকার বাসিন্দা। তিনি জামালপুর পৌরসভায় একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর সকালে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। পরে ২৩ অক্টোবর সকাল আনুমানিক ১১টার দিকে জামালপুর সদর উপজেলার নারান্দি ইউনিয়নের নামা কোচনবাড়ী এলাকার ব্রহ্মপুত্র নদের পূর্ব পাড়ে ছাতিয়ানতলা গ্রামের নদীর বালুচরসংলগ্ন পানিতে তাঁর মরদেহ পাওয়া যায়।
পরিবারের দাবি, মরদেহ উদ্ধারের পর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন, জিভ কাটা, চোখ উপড়ে ফেলা এবং মুখে অ্যাসিড নিক্ষেপের মতো নৃশংসতার চিহ্ন দেখতে পান তাঁরা। তাঁদের ধারণা, হাবিবুর রহমানকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছিল।
এ ঘটনায় নিহতের স্ত্রী মোছাঃ রাশেদা বেগম (৫৫) বাদী হয়ে জামালপুর সদর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, স্বামী নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরে নদীতে মরদেহ পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁকে শনাক্ত করেন। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে ২৪ অক্টোবর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হলে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তবে পরিবারের অভিযোগ, ঘটনার এত দিন পার হলেও মামলার তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। সন্দেহভাজনদের বিষয়ে তথ্য দেওয়া হলেও তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে মামলা নেওয়া হয়নি। বরং অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে মামলা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। এমনকি ময়নাতদন্তের প্রতিবেদনও পরিবারের হাতে পৌঁছায়নি।
বাবা হত্যার বিচার চেয়ে তানিয়া আক্তার বলেন, ‘আমার বাবাকে তো আর ফিরে পাব না। কিন্তু যারা আমার বাবাকে এভাবে হত্যা করেছে, তাদের বিচার চাই। ঘটনার এত দিন পার হলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসন, শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের কাছে আমার আকুল আবেদন, আপনারা আমার পাশে দাঁড়ান। আমি আমার বাবার হত্যার সুষ্ঠু বিচার চাই।’
তিনি আরও বলেন, বাবার হত্যাকাণ্ডের পর থেকে তাঁর পরিবার মানসিকভাবে বিপর্যস্ত। এ ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।
এ বিষয়ে জানতে চাইলে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুস সাকিব বলেন, ‘মামলার কার্যক্রম এখনো চলমান রয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্টভাবে জানা যাবে।’
