ঢাকা
logo
প্রকাশিত : November 13, 2026

আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে

মোহাম্মদ ইব্রাহিম, কুবি প্রতিনিধি: পথচারীদের নিরাপদে সড়ক পারাপার নিশ্চিত করতে আন্ডারপাস নির্মাণের উদ্যোগ নেওয়ার সময় ভেঙে ফেলা হয়েছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বেলতলী সড়কের প্রবেশদ্বার। প্রায় চার বছর পেরিয়ে গেলেও পুনর্নির্মাণ করা হয়নি বিশ্ববিদ্যালয়ের নামসংবলিত সেই গেট। একই সঙ্গে দীর্ঘ সময়েও শেষ হয়নি প্রস্তাবিত আন্ডারপাসের নির্মাণকাজ। ফলে বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথের পরিচিতি ও সৌন্দর্য নিয়ে প্রশ্ন উঠেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বেলতলী বিশ্বরোড থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের পথে অবস্থিত গেটটি বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রবেশদ্বার ও পরিচয়চিহ্ন হিসেবে পরিচিত ছিল। প্রতিদিন এ পথ দিয়ে অসংখ্য শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও দর্শনার্থী যাতায়াত করতেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২২ সালের ডিসেম্বর মাসের শেষের দিকে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) আন্ডারপাস নির্মাণের উদ্যোগের সময় গেটটি ভেঙে ফেলা হয়। সে সময় গেটটি পুনর্নির্মাণের আশ্বাস দেওয়া হয়েছিল। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আন্ডারপাসের নির্মাণকাজ শেষ হয়নি, পুনর্নির্মাণ করা হয়নি গেটটিও।

গেটটি না থাকায় নতুন শিক্ষার্থী, অভিভাবক ও দর্শনার্থীদের বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ শনাক্ত করতে অসুবিধা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, বিশ্ববিদ্যালয়ের নামসংবলিত প্রবেশদ্বার না থাকায় ক্যাম্পাসের পরিচিতি ও সৌন্দর্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের স্থানীয় ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ নাঈম বলেন, ‘পথচারী ও বেলতলী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রায় চার-পাঁচ বছর আগে আন্ডারপাস নির্মাণের উদ্যোগ নেওয়ার সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বারটি ভেঙে ফেলা হয়। পরে গেটটি পুনর্নির্মাণের আশ্বাস দেওয়া হলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আন্ডারপাসের কাজ সম্পন্ন হয়নি এবং প্রধান গেটও পুনর্নির্মাণ করা হয়নি।’

তিনি আরও বলেন, ‘এতে নতুন শিক্ষার্থী, অভিভাবক ও দর্শনার্থীদের বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ খুঁজে পেতে ভোগান্তি হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দ্রুত প্রধান প্রবেশদ্বার পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানাই। বিশ্ববিদ্যালয়ের গেট শুধু একটি স্থাপনা নয়; এটি বিশ্ববিদ্যালয়ের পরিচয়, ঐতিহ্য ও গৌরবের প্রতীক।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এস এম শহীদুল হাসান বলেন, বেলতলী বিশ্বরোডে বিশ্ববিদ্যালয়ের পুরোনো গেটটি আন্ডারপাস নির্মাণের সময় ভাঙার প্রস্তাব উঠলে বিশ্ববিদ্যালয় প্রশাসন আপত্তি জানায়। পরে উপাচার্যের সঙ্গে শিক্ষক, শিক্ষার্থী, ছাত্র প্রতিনিধি, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকদের সভায় বিষয়টি আলোচনা করা হয়।

তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে আন্ডারপাস নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের গেটটিও প্রকল্পের আওতায় নির্মাণের জন্য সড়ক ও জনপথ বিভাগকে অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রেজিস্ট্রারের স্বাক্ষরিত চিঠিও পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ২০২৪ সালের আন্দোলনের পর প্রকল্পের কাজ স্থবির হয়ে পড়ে। বর্তমানে প্রকল্পটি সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং টেন্ডার কার্যক্রম চলছে। গেট নির্মাণের প্রস্তাব প্রকল্প সংশোধনের অংশ হিসেবে দেওয়া হলেও এখনো চূড়ান্ত অনুমোদন পাওয়া যায়নি। প্রকল্পটি অনুমোদিত হলে গেট নির্মাণের পাশাপাশি সড়কের অসমাপ্ত কাজও শেষ করা সম্ভব হবে।

পুনর্নির্মাণের বিষয়ে কুমিল্লা সড়ক উপবিভাগে কর্মরত সড়ক ও জনপথ অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী মো. আদনান ইবনে হাসান বলেন, ‘আন্ডারপাস নির্মাণ শেষ হলে গেট নির্মাণ করে দেওয়া হবে। আন্ডারপাসটি প্রায় ৫০০ মিটার দীর্ঘ। এটি নির্মাণ করা হয়ে গেলে জায়গা নির্ধারণ করে গেট নির্মাণ করে দেওয়া হবে। আন্ডারপাস নির্মাণ প্রকল্পের মেয়াদ আরও দুই বছর আছে। এর মধ্যে আন্ডারপাস নির্মাণ শেষ হলে অবস্থান নির্ধারণ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গেটটি পুনর্নির্মাণ করে দেওয়া হবে।’

সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করিম বলেন, ‘বেলতলী রাস্তা পারাপারের জন্য যে আন্ডারপাসের কাজ শুরু হয়েছিল, দীর্ঘদিনেও সেটি সম্পন্ন হয়নি; বরং জায়গাটি এখন বদ্ধ জলাশয়ে পরিণত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন গেটটি, যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ তৎকালীন সংসদ সদস্যদের নামফলক ছিল, আন্ডারপাস নির্মাণের কথা বলে ভেঙে ফেলা হলেও পাঁচ বছরেও সেখানে কোনো আন্ডারপাস হয়নি। বিশ্বরোড থেকে বিশ্ববিদ্যালয়ের দিকে নামা অ্যাপ্রোচ রোডটিও অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সড়ক বিভাগকে বারবার চিঠি দেওয়া ও যোগাযোগ করা হলেও এখনো রাস্তাটি সংস্কার হয়নি।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে কুমিল্লা টমছম ব্রিজের মোড় থেকে দক্ষিণ ক্যাম্পাস পর্যন্ত সড়কটি দ্রুত সংস্কার, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং সিসি ক্যামেরার আওতায় আনার জন্য সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারের প্রতি আকুল আবেদন জানানো হচ্ছে। এটি শুধু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য নয়, বরং আশপাশের জনপদ, প্রতিষ্ঠান ও শালবন বিহারসহ পর্যটনকেন্দ্রগুলোর নিরাপত্তার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে সওজের সাথে একটি মিটিংয়ে আমরা তাদের বিশ্ববিদ্যালয়ের গেইট এবং রাস্তার কাজের কথা জানিয়েছিলাম '।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram