

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: মাদক, জুয়া ও অনলাইন বেটিং থেকে যুবসমাজকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে দিনাজপুরের খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। জমকালো আয়োজন ও দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উপজেলার ভাবকী ইউনিয়নের ঐতিহ্যবাহী আশারভাঙ্গা মাঠে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার ভাবকী ইউনিয়নের আত্রাই আশারভাঙ্গা মানব উন্নয়ন যুব সংঘের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় রানীরবন্দর ফুটবল একাডেমি ও নীলফামারীর এ আর রহমান ফুটবল একাডেমি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দিনাজপুর জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন। প্রধান অতিথি ছিলেন দিনাজপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শেখ হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান সরকার, থানার অফিসার ইনচার্জ আব্দুল বাছেদ সরকার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সরকারসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে শেখ হাফিজুর রহমান বলেন, মাদক, জুয়া, অনলাইন বেটিংসহ বিভিন্ন সামাজিক ব্যাধি থেকে যুবসমাজকে রক্ষা করতে খেলাধুলার পরিবেশ তৈরি করতে হবে। গ্রামের মাঠে ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। পাশাপাশি তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে প্রয়োজনীয় ফুটবল ও অন্যান্য সহযোগিতার আশ্বাস দেন।
তিনি আরও বলেন, প্রায় এক মাস আগে ভাবকী ইউনিয়ন পরিষদ পরিদর্শনে গিয়ে চেয়ারম্যানকে একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের অনুরোধ জানিয়েছিলেন। সেই উদ্যোগ বাস্তবায়ন করায় আয়োজকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।
আয়োজকরা জানান, তরুণদের ক্রীড়ামুখী করা, নতুন খেলোয়াড় তৈরি এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন। তাঁদের প্রত্যাশা, এ প্রতিযোগিতা স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করবে।
